বরফকল মাঠে মেলার ইজারা সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জাবেদ আলমের
নারায়ণগঞ্জ শহরের বরফকল মাঠে মাসব্যাপী মেলা আয়োজনের জন্য দেওয়া ইজারার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সম্পাদক মো. জাবেদ আলম। মেলা আয়োজনের ফলে নগরবাসীর খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
এক বিবৃতিতে জাবেদ আলম বলেন, বরফকল মাঠটি শুধু একটি খেলার মাঠ নয়; এটি নগরবাসীর শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। বিশেষ করে সাধারণ প্রশিক্ষণার্থী, তরুণ ও ক্রীড়াপ্রেমীদের জন্য মাঠটির গুরুত্ব অনেক।
তিনি আরও বলেন, জনাকীর্ণ নারায়ণগঞ্জ শহরে খেলার মাঠের সংখ্যা এমনিতেই সীমিত। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি মাঠে মাসব্যাপী মেলার আয়োজনের ফলে সাধারণ মানুষ দীর্ঘ সময়ের জন্য খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ থেকে বঞ্চিত হবেন। নগরবাসীর এমন একটি গুরুত্বপূর্ণ নাগরিক সুবিধা সীমিত করে মেলার আয়োজন কতটা যৌক্তিক, তা বিবেচনায় নেওয়া প্রয়োজন।
জাবেদ আলম বলেন, মেলা আয়োজনের বিরোধিতা নয়, বরং নগরবাসীর স্বাভাবিক খেলাধুলা ও শরীরচর্চার অধিকার এবং মাঠটির বহুমুখী ব্যবহার নিশ্চিত করাই গুরুত্বপূর্ণ।
এ পরিপ্রেক্ষিতে মেলা আয়োজনের জন্য প্রশাসনের দেওয়া ইজারার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।





































