২৯ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৪৮, ২৮ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ ওয়াসা প্রতিষ্ঠা, গেজেট প্রকাশ

নারায়ণগঞ্জ ওয়াসা প্রতিষ্ঠা, গেজেট প্রকাশ
এআই ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনভুক্ত এলাকার পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনার জন্য পৃথক ওয়াসা প্রতিষ্ঠা করেছে সরকার। ‘নারায়ণগঞ্জ পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (নারায়ণগঞ্জ ওয়াসা)’ নামে নতুন এই সংস্থা প্রতিষ্ঠার প্রজ্ঞাপন বাংলাদেশ গেজেটে প্রকাশ করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার প্রজ্ঞাপনটি গেজেটে প্রকাশিত হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব আশফিকুন নাহার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’-এর ৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার ১৬ নভেম্বর থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনভুক্ত এলাকার জন্য নারায়ণগঞ্জ ওয়াসা প্রতিষ্ঠা করেছে।

এর আগে নারায়ণগঞ্জ শহরের পানি সরবরাহের দায়িত্ব ছিল নারায়ণগঞ্জ পৌরসভার হাতে। ১৯৯০ সালের ১ জুলাই থেকে ঢাকা ওয়াসা নারায়ণগঞ্জে পানি সরবরাহ কার্যক্রম পরিচালনা শুরু করে।

২০১৯ সালের ৩১ অক্টোবর ঢাকা ওয়াসার নারায়ণগঞ্জ অঞ্চলের পানি সরবরাহ কার্যক্রম সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র সেলিনা হায়াৎ আইভী ও ঢাকা ওয়াসার তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। এরপর থেকে সিটি করপোরেশন পানি সরবরাহ কার্যক্রম পরিচালনা করে আসছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, পানি সরবরাহ ব্যবস্থার আওতায় মোট গ্রাহক রয়েছেন ২৭ হাজার ৪৬৬ জন। এর মধ্যে আবাসিক গ্রাহক ২৬ হাজার ৪৪২ জন, বাণিজ্যিক গ্রাহক ৮৯২ জন ও সামাজিক গ্রাহক ১৩২ জন।

প্রকাশিত ওই তথ্য অনুযায়ী, দৈনিক ১২ কোটি লিটার পানির চাহিদার বিপরীতে সরবরাহ করা হয় ৯ কোটি ৮০ লাখ লিটার। সে হিসাবে দৈনিক পানির ঘাটতি রয়েছে ২ কোটি ২০ লাখ লিটার।

পানি সরবরাহের জন্য গোদনাইল ও সোনাকান্দায় দুটি পানি শোধনাগার, ৩১টি গভীর নলকূপ, ৯টি ওভারহেড ট্যাংক ও ৩৮৪ কিলোমিটার পাইপলাইন রয়েছে। সিটি করপোরেশনের নারায়ণগঞ্জ, কদমরসুল ও সিদ্ধিরগঞ্জ অঞ্চলের পাশাপাশি ফতুল্লা ও কুতুবপুর ইউনিয়নের আংশিক এলাকাও বিদ্যমান পানি সরবরাহ ব্যবস্থার আওতাভুক্ত।

সিটি করপোরেশন পানি সরবরাহের দায়িত্ব নেওয়ার পরও বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানির সংকট ও সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে গ্রাহকদের অভিযোগ রয়েছে।

ঢাকা ওয়াসা থেকে সিটি করপোরেশনের কাছে পানি সরবরাহের দায়িত্ব হস্তান্তরের প্রায় সাত বছর পর এবার নারায়ণগঞ্জের জন্য পৃথক ওয়াসা প্রতিষ্ঠা করল সরকার।

তবে নবগঠিত নারায়ণগঞ্জ ওয়াসার প্রশাসনিক কাঠামো, জনবল, সিটি করপোরেশনের বিদ্যমান পানি সরবরাহ অবকাঠামো ও সম্পদ হস্তান্তর এবং আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর বিষয়ে প্রকাশিত প্রজ্ঞাপনে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

এদিকে একই দিনে নারায়ণগঞ্জের পাশাপাশি গাজীপুর ও বগুড়া সিটি করপোরেশনভুক্ত এলাকার জন্যও পৃথক ওয়াসা প্রতিষ্ঠার গেজেট প্রকাশ করেছে সরকার।

সর্বশেষ

জনপ্রিয়