সাংবাদিক আল আমিন প্রধানকে হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
নারায়ণগঞ্জের ফতুল্লা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের সাংবাদিক আল আমিন প্রধানের ওপর হামলার চেষ্টা এবং তাঁর বাড়ির সামনে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া ও হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকেরা। এ সময় ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেওয়া হয়।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লা বাসস্ট্যান্ড এলাকায় প্রেস ক্লাব কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে ফতুল্লা প্রেস ক্লাব।
ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুমের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, নিউজ টোয়েন্টিফোরের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি শরিফ সুমন, জেলা সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিংকন এবং দৈনিক যুগের চিন্তার সাংবাদিক ফরিদ আহম্মেদ বাঁধন।
সমাবেশে বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার তিন দিন অতিবাহিত হলেও হামলার চেষ্টায় জড়িত অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অথচ প্রতিদিন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুলসংখ্যক আসামি গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু একজন সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত কয়েকজনকে গ্রেপ্তার করা যাচ্ছে না।
এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বক্তারা বলেন, অভিযুক্তদের সঙ্গে কারা যোগাযোগ রাখছেন এবং তাঁদের কারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, সে বিষয়ে সাংবাদিকদের কাছে তথ্য রয়েছে। প্রয়োজন হলে এসব তথ্য প্রকাশ করা হবে।
বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তিরা রাজনৈতিক প্রভাবশালীদের আশ্রয়-প্রশ্রয় পাচ্ছেন। তাঁদের আশ্রয়দাতাদের পরিচয়ও সাংবাদিকদের জানা রয়েছে। তবে আপাতত কারও নাম প্রকাশ করা হচ্ছে না। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা ও অতীত কর্মকাণ্ড তুলে ধরা হবে।
সমাবেশ থেকে সাংবাদিক আল আমিন প্রধানকে হত্যার হুমকি ও তাঁর বাড়ির সামনে অস্ত্র নিয়ে মহড়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়। অন্যথায় জেলার সব পর্যায়ের সাংবাদিকদের নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন দৈনিক উজ্জীবিত বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক আমার দেশের সদর উপজেলা প্রতিনিধি কবিরুল ইসলাম, মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সদস্য জাহাঙ্গীর হোসেন, মোহনা টিভির জেলা প্রতিনিধি আজমির, ফতুল্লা প্রেস ক্লাবের সহসভাপতি পিয়ার চাঁন ও সেলিম মুন্সি, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সোহেল হোসেন, আওয়ার নারায়ণগঞ্জ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মামুনুর রশিদ মুন্না, বিপি নিউজের মেহেদী মঞ্জুর বকুল, আনন্দ টিভির সাংবাদিক মনি ইসলাম, সুমী সিদ্দিকী, সেলিম হোসেন, শাকিল আহমেদ ডিয়েল, সোহেল ও রাকিব চৌধুরী শিশিরসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।
এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) রাতে ফতুল্লার সস্তাপুর গাবতলী এলাকার একটি মাজারের ভেতরে নিজ কার্যালয়ে স্থানীয় একটি বিষয় নিয়ে সালিশে অংশ নিয়েছিলেন সাংবাদিক আল আমিন প্রধান। তাঁর অভিযোগ, সালিশ চলাকালে স্থানীয়ভাবে মাদক কারবারি হিসেবে পরিচিত মাসুমসহ পাঁচ থেকে সাতজন সেখানে উপস্থিত হন। তাঁরা স্থানীয় এক বিএনপি নেতার নাম ব্যবহার করে সালিশে উপস্থিত এক যুবককে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এতে আল আমিন প্রধান বাধা দিলে অভিযুক্তরা তাঁর ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন। এ সময় উপস্থিত লোকজন তাঁকে সহযোগিতা করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশের উপস্থিতির খবর পেয়ে অভিযুক্তরা সেখান থেকে সরে যান।
ওই ঘটনার জেরে পরদিন শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মাসুমসহ ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় তৈরি ধারালো রামদা ও চাপাতি নিয়ে আল আমিন প্রধানের বাড়ির সামনে অবস্থান নেয় বলে অভিযোগ ওঠে।
আল আমিন প্রধানের অভিযোগ, ওই সময় তিনি বাসায় ঘুমিয়ে ছিলেন। স্থানীয় কয়েকজন মুঠোফোনে বিষয়টি তাঁকে জানান। অভিযুক্তরা কিছুক্ষণ সেখানে অবস্থান করে তাঁর নাম ধরে ডাকাডাকি করেন এবং বাড়ি থেকে বেরিয়ে আসতে বলেন। তাঁকে যেখানে পাওয়া যাবে, সেখানেই হত্যা করা হবে বলে হুমকি দিয়ে চলে যান তাঁরা।
পরে আল আমিন প্রধান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমকে বিষয়টি অবহিত করেন। একই দিন দুপুরে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
পরপর দুই দিনের এসব ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।





































