১৭ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:২১, ১৬ নভেম্বর ২০২৬

আপডেট: ২২:২২, ১৬ নভেম্বর ২০২৬

ভাড়া কমানোর দাবি ছাত্রদের, বাসমালিকরা না আসায় হয়নি বৈঠক

ভাড়া কমানোর দাবি ছাত্রদের, বাসমালিকরা না আসায় হয়নি বৈঠক

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া কমানোর দাবিতে অনড় শিক্ষার্থীরা। তবে বাসমালিকদের অনুপস্থিতিতে ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে চূড়ান্ত আলোচনা হয়নি। সোমবার বিকেলে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যানের কার্যালয়ে বৈঠক হওয়ার কথা থাকলেও বাসমালিক ও অধিকাংশ ছাত্রসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত হননি। ফলে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে আলোচনা।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় বৈঠক শুরুর কথা ছিল। নির্ধারিত সময়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম এনডিএ কার্যালয়ে উপস্থিত হন। তবে তখন সেখানে বাসমালিক বা ছাত্র প্রতিনিধিদের কাউকে দেখা যায়নি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর তিনি কার্যালয় ত্যাগ করেন।

বিকেল ৫টার কিছু আগে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতারা কার্যালয়ে পৌঁছান। পরে এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিবের সঙ্গে তাদের আলোচনা হয়। আলোচনার একপর্যায়ে জাতীয় ছাত্রশক্তির নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্যসচিব সারফারাজ হক সজীব সেখানে এলেও অল্প সময়ের মধ্যে কক্ষ থেকে বেরিয়ে যান।

আলোচনা শেষে এনডিএ চেয়ারম্যান ছাত্রনেতাদের সঙ্গে নিয়ে কার্যালয় ত্যাগ করেন। এ সময় তার বক্তব্য জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

পরে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা বলেন, দীর্ঘদিন ধরে তাঁরা বাসভাড়া কমানোর দাবিতে আন্দোলন করছেন। শুরুতে তাঁদের দাবি ছিল, বাসের সাধারণ ভাড়া ৫৫ টাকা এবং শিক্ষার্থীদের হাফ ভাড়া ৩০ টাকা করতে হবে। বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার পর গত ৭ অক্টোবর সাধারণ ভাড়া ৫৮ টাকা ও শিক্ষার্থীদের ভাড়া ৩৪ টাকা নির্ধারণে তাঁরা সম্মত হন।

শাহিন মৃধা বলেন, ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, ভবিষ্যতে বাসভাড়া বাড়ানো বা কমানোর প্রয়োজন হলে সংশ্লিষ্ট সব পক্ষ একসঙ্গে বসে নতুন সিদ্ধান্ত নেবে। কিন্তু এক মাসের মধ্যেই কোনো আলোচনা ছাড়াই বাসমালিকেরা আবার ৬০ টাকা ভাড়া আদায় শুরু করেন। এমনকি নির্ধারিত ৫৮ টাকা ভাড়া এবং ৩৪ টাকা হাফ ভাড়াও যথাযথভাবে নেওয়া হচ্ছিল না বলে তাঁরা অভিযোগ পেয়েছেন।

তিনি বলেন, বাসমালিকেরা ভাড়া ৫৯ বা ৬০ টাকা করার প্রস্তাব দিয়েছেন। তবে ছাত্র ফেডারেশন ভাড়া না বাড়ানোর দাবি জানিয়েছে। ভাড়া বাড়ানোর চেষ্টা হলে শিক্ষার্থীদের হাফ ভাড়া ৩০ টাকা করার দাবিতে তাঁরা অনড় থাকবেন।

এদিকে বৈঠকে বাসমালিকদের অনুপস্থিতির বিষয়ে সিটি বন্ধন পরিবহনের মালিক দেলোয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তার নানি মারা যাওয়ায় তিনি বৈঠকে যেতে পারেননি। তবে তার প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন বলে দাবি করেন তিনি। যদিও সরেজমিনে প্রেস নারায়ণগঞ্জের প্রতিবেদক সেখানে বন্ধন পরিবহনের কোনো প্রতিনিধিকে দেখতে পাননি।

এ বিষয়ে বক্তব্য জানতে উৎসব ট্রান্সপোর্ট লিমিটেডের মালিকপক্ষের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর জেলা পরিষদ কার্যালয়ে বাসমালিক, ছাত্র প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আলোচনায় ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সাধারণ ভাড়া ৫৮ টাকা এবং শিক্ষার্থীদের হাফ ভাড়া ৩৪ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু গত ১২ নভেম্বর থেকে উৎসব ও বন্ধন পরিবহন পুনরায় ৬০ টাকা ভাড়া আদায় শুরু করে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হলে ভাড়া পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়।

সর্বশেষ

জনপ্রিয়