বন্ধন বাসের চাপায় গুরুতর আহত এক ব্যক্তি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে বন্ধন পরিবহনের একটি বাসের চাপায় মো. ইয়াকুব মিয়া (৩৮) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের জালকুড়ি যুব উন্নয়ন কেন্দ্রের সামনে সাইনবোর্ডগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত ইয়াকুব মিয়া পটুয়াখালীর রাঙ্গাবালী থানার বড় বাইছদা গ্রামের আবুল বাশার মোল্লার ছেলে। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় বসবাস করেন।
প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, ইয়াকুব মিয়া রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা বন্ধন পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৫-৮৭-২৩) চাপায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় প্রাথমিকভাবে বাসচালক বা সংশ্লিষ্ট কারও নাম-পরিচয় জানা যায়নি। এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
দুর্ঘটনার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইউসুফ মিয়া ঘটনাস্থলে যান। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।





































