বাসভাড়া আবারও ৬০ টাকা, মালিক-ছাত্রদের বৈঠকে হয়নি নতুন সিদ্ধান্ত
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বাসমালিক ও ছাত্র ফেডারেশনের নেতাদের মধ্যে কোনো সমঝোতা হয়নি। রোববার (১৫ নভেম্বর) নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যানের কার্যালয়ে সঙ্গে দুই পক্ষের বৈঠক হলেও ভাড়া নিয়ে সিদ্ধান্ত ছাড়াই তা শেষ হয়েছে।
বৈঠকের একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে বাসমালিক পক্ষের প্রতিনিধিরা বেরিয়ে যেতে দেখা যায়। তবে আগামীকাল সোমবার আবারও বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব।
রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় এনডিএ চেয়ারম্যানের কার্যালয়ে এ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী উৎসব ও বন্ধন পরিবহনের মালিকপক্ষের প্রতিনিধি এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে বাসভাড়া বৃদ্ধির যৌক্তিকতা ও আগের চুক্তির বিষয় নিয়ে আলোচনা হয়। একপর্যায়ে ভাড়া নির্ধারণ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে কোনো সমঝোতা ছাড়াই বাসমালিক পক্ষের প্রতিনিধিরা বৈঠক ত্যাগ করেন।
বাসমালিক পক্ষের ভাষ্য, এ রুটে বাসভাড়া ৬০ টাকার নিচে নির্ধারণ করা সম্ভব নয়। এর কম ভাড়া আদায় করলে তাদের কোনো লাভ থাকে না। তবে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নিতে তারা প্রস্তুত।
বৈঠক শেষে এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব বলেন, “আজকে উভয় পক্ষের সঙ্গে আলাপ হয়েছে। আমরা আলোচনা করেছি, আমরা আগামীকাল সবাইকে নিয়ে আবার বসব। আশা করি নারায়ণগঞ্জবাসীর স্বার্থেই একটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে। যেটা সবার সম্মতিতে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম বাড়ার পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫৫ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা করেন বাসমালিকেরা। পরে গত ৭ অক্টোবর জেলা পরিষদ কার্যালয়ে প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ ও এনডিএ চেয়ারম্যানের উপস্থিতিতে ছাত্র সংগঠন, রাজনৈতিক নেতৃত্ব, নাগরিক সমাজ এবং বাসমালিকদের প্রতিনিধিদের এক যৌথ বৈঠকে ভাড়া ৫৮ টাকা নির্ধারণ করা হয়। শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নির্ধারণ করা হয় ৩৪ টাকা।
তবে ওই সিদ্ধান্তের এক মাসের মাথায় গত ১২ নভেম্বর থেকে উৎসব ও বন্ধন পরিবহন আবারও ৫৮ টাকার পরিবর্তে ৬০ টাকা ভাড়া আদায় শুরু করে। এর প্রতিবাদে ছাত্র ফেডারেশন এনডিএ চেয়ারম্যানের কাছে অভিযোগ জানায়। এরই ধারাবাহিকতায় রোববারের বৈঠকটি অনুষ্ঠিত হয়।





































