সিদ্ধিরগঞ্জে বৃদ্ধ নায়েম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নায়েম খান ওরফে নাঈম খান হত্যা মামলার আসামিদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজনেরা। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
নিহত নায়েম খানের বড় মেয়ে ও মামলার বাদী হীরা আক্তারের নেতৃত্বে মানববন্ধনে অংশ নেন নিহতের ছোট ভাই দেলোয়ার হোসেন ও মনির হোসেন, ছোট বোন মিনু বেগম ও আতর বানু, ভাগিনা দুলাল, বাদীর ছোট বোন পান্না, প্রতিবেশী পারভেজসহ স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে মামলার বাদী হীরা আক্তার অভিযোগ করেন, শিমরাইল উত্তরপাড়া এলাকায় প্রায় ৩০০ বছরের পুরোনো তাঁদের পৈতৃক রাস্তা বন্ধ করে দেন প্রতিবেশী মো. হোসেন। এতে তাঁদের পরিবারসহ ১৯টি পরিবারের চলাচলের পথ বন্ধ হয়ে যায়। বিষয়টি থানা-পুলিশ থেকে শুরু করে সিটি করপোরেশন পর্যন্ত জানানো হলেও কোনো সমাধান হয়নি। কিছুদিন আগে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তা বন্ধের কাজও বন্ধ করে দেয়। এ নিয়ে মো. হোসেনের সঙ্গে তাঁদের বিরোধ চলছিল।
হীরা আক্তার বলেন, গত ৭ নভেম্বর শনিবার দুপুরে নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তা নিয়ে বিরোধের জেরে তাঁর বাবা নায়েম খানের ওপর হামলা চালান মো. হোসেন, তাঁর ছেলে ইকবাল হোসেন, স্ত্রী মায়া আক্তারসহ কয়েকজন। তাঁরা তাঁর বাবাকে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মো. হোসেন, তাঁর ছেলে ইকবাল হোসেন ও স্ত্রী মায়া আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। মানববন্ধন থেকে সিহতের স্বজনেরা আসামিদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি দাবি করেন।





































