ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি রহিম গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ইয়াসিন হত্যা মামলার এজাহারনামীয় আসামি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা মো. রহিম ওরফে রহিম মেম্বারকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ফতুল্লার রেলস্টেশন এলাকার উকিলবাড়ি মোড়ে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার রহিম মেম্বার ফতুল্লার রেলস্টেশন এলাকার আলী মুন্সির ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা রেহানুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১২টার দিকে রেলস্টেশন এলাকার উকিলবাড়ি মোড়ে রহিমের নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ফতুল্লার সাইনবোর্ড-ভূঁইগড় এলাকায় গুলিতে নিহত ইয়াসিন হত্যা মামলার এজাহারনামীয় আসামি রহিম মেম্বার।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, রহিম মেম্বার ফতুল্লা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের প্রয়াত ইউপি সদস্য রশিদ মেম্বারের মেয়ের জামাই। রশিদ মেম্বারের মৃত্যুর পর তৎকালীন থানা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা কামালের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রহিম মেম্বার ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যের দায়িত্ব পান।
স্থানীয়দের অভিযোগ, ওই সময় রশিদ মেম্বারের বড় ছেলে আপত্তি জানালেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে রহিম তাঁর শ্বশুরের স্থলাভিষিক্ত হন।
তবে পরবর্তী সময়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়াত রশিদ মেম্বারের বড় ছেলে হাসমতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন রহিম মেম্বার।





































