শীতলক্ষ্যায় কন্টেইনার টার্মিনাল প্রকল্প বাতিলের দাবিতে স্মারকলিপি
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর বরফকল এলাকায় ৮৫০ কোটি টাকা ব্যয়ে অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল নির্মাণ প্রকল্প বাতিলের দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক রায়হান কবিরের কাছে স্মারকলিপি দিয়ে এ দাবি জানান সংগঠনের নেতারা।
এ সময় সংগঠনের প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান মাসুম, সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল ও সাধারণ সম্পাদক হাজী রমজানুর রশীদসহ বিভিন্ন ইউনিয়ন কমিটি এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক নেতাদের বক্তব্য যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি নারায়ণগঞ্জ শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নাগরিক সমাজের সহযোগিতা কামনা করেন তিনি।
স্মারকলিপি দেওয়ার পর জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে সমাবেশে বক্তারা দাবি করেন, কাছাকাছি পানগাঁও কন্টেইনার টার্মিনাল অব্যবহৃত থাকা অবস্থায় ঘনবসতিপূর্ণ বরফকল এলাকায় নতুন টার্মিনাল নির্মাণ অযৌক্তিক। এখানে টার্মিনাল হলে ভারী যানবাহনের চাপে হাসপাতাল, কলেজ, শহীদ মিনার ও সরকারি কার্যালয়সংলগ্ন সড়কে যানজট এবং জনদুর্ভোগ বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।
মাহবুবুর রহমান মাসুম অভিযোগ করেন, বিগত সরকারের আমলে শামীম ওসমানদের ব্যক্তিগত জাহাজ ব্যবসার স্বার্থে প্রকল্পটি নেওয়া হয়েছিল। তিনি বলেন, ‘এই পোর্ট বাতিল করে শান্তিরচর, কয়লাঘাট বা বন্দর এলাকার বিস্তীর্ণ জায়গায় এটি নিয়ে যাওয়া হোক।’
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল বলেন, প্রকল্প এলাকায় সেতুর উচ্চতা ও ভারী যান চলাচলের উপযোগী প্রশস্ত সড়কের অভাব রয়েছে। এসব কারণে প্রকল্পটি বাস্তবসম্মত নয় বলে দাবি করেন তিনি।
এস এস রহমান গ্রুপ লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে বলে উল্লেখ করে ইসমাইল রাষ্ট্রীয় অর্থের অপচয় ও দুর্নীতির অভিযোগ তোলেন। তিনি অবিলম্বে প্রকল্প বাতিলের দাবি জানান।





































