২৬ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৩০, ২৬ অক্টোবর ২০২৬

ফতুল্লায় স্ত্রী ও ছেলেকে হত্যার দায়ে রিকশা চালকের ফাঁসি

ফতুল্লায় স্ত্রী ও ছেলেকে হত্যার দায়ে রিকশা চালকের ফাঁসি

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী ও সন্তানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডের সাজা পেয়েছেন ৪৫ বছর বয়সী এক ব্যক্তি।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান এ আদালতের পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ।

দণ্ডপ্রাপ্ত হারেছ মিয়া ময়মনসিংহের ত্রিশাল উপজেলার গুলহরি গ্রামের প্রয়াত আবুল কাশেমের ছেলে। পেশায় রিকশা চালক হারেছ স্ত্রী ও সন্তানদের নিয়ে ফতুল্লার গেদ্দারবাজার এলাকার একটি টিনের বাড়িতে ভাড়া থাকতেন।

এ হত্যা মামলায় তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

মামলার নথিসূত্রে জানা যায়, ২০২০ সালের ৮ জুলাই রাতে পারিবারিক কলহের জেরে স্ত্রী মনোয়ারা বেগমকে (৩৫) ছুরিকাঘাত করেন হারেছ। মাকে রক্ষায় এগিয়ে আসলে ছুরিকাহত হন ১৬ বছর বয়সী ছেলে সোহাগ। মা ও ছেলে দু’জনই পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

ওই ঘটনায় হারেছ নিজেও জখম হন। পাশের ঘরে থাকা ১২ বছরের কন্যা বিথী আক্তারের ঘুম ভাঙলে তার চিৎকারে লোকজন জড়ো হন এবং সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক মা ও ছেলেকে মৃত বলে ঘোষণা করেন এবং পুলিশ হারেছকে গ্রেপ্তার করে।

পরদিন মনোয়ারার ভাই মজিবুর রহমান মজিদ ফতুল্লা মডেল থানায় হারেছের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ২০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

রায়ের পর দণ্ডপ্রাপ্ত আসামি হারেছকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।

সর্বশেষ

জনপ্রিয়