সিদ্ধিরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় আদমজী সড়কের মোজাফফর টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ২৮ বছর।
পুলিশ জানায়, ইজিবাইকের ধাক্কায় ওই যুবক গুরুতর আহত হন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক বেলাল উদ্দিন জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাঁর মরদেহ খানপুর হাসপাতালের জরুরি বিভাগে রয়েছে।





































