নিষিদ্ধ প্রসাধনী ও অনুমোদনহীন খাদ্যপণ্য বিক্রি, চৌধুরী ট্রেডার্সসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নারায়ণগঞ্জের ফলপট্টি এলাকায় নিষিদ্ধ প্রসাধনী ও অনুমোদনহীন খাদ্যপণ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৬ অক্টোবর) তদারকিমূলক কার্যক্রমে এ জরিমানা করা হয়।
অধিদপ্তর জানায়, মেসার্স চৌধুরী ট্রেডার্সে অনুমোদনহীন ও নিষিদ্ধ রং ফর্সাকারী ‘ড. রাসেল নাইট ক্রিম’ পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া অনুমোদনহীন খাদ্যপণ্য রাখা ও মোড়কজাতকরণ বিধি লঙ্ঘনের কারণে মেসার্স জেবিএল ট্রেডিংকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠানের কাছ থেকেই জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
অভিযানে জেলা আনসার কমান্ড্যান্টের একটি দল সহযোগিতা করে।
বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ প্রসাধনী কেনা থেকে বিরত থাকতে ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছে অধিদপ্তর। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।





































