ফতুল্লায় গ্যারেজে লুটের অভিযোগ
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি গ্যারেজ থেকে যন্ত্রাংশ (অপো পার্টস) লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২ অক্টোবর) ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন পাগলা নয়ামাটি এলাকার বাসিন্দা ২৩ বছর বয়সী সিহাব।
অভিযুক্তরা হলেন: ফতুল্লার নন্দলালপুর এলাকার পিয়াল (৩০), রাব্বি (৩০), মোহাম্মদ আলী (৫৫)।
অভিযোগে উল্লেখ করা হয়, গত বুধবার দুপুর ১২টার দিকে ফতুল্লার পাগলা মর্ডান এলাকায় সিহাবের গ্যারেজে এ লুটের ঘটনা ঘটে।
ভুক্তভোগী বলেন, পাগলা নয়ামাটি এলাকায় অটো পার্টসের ব্যবসা করি। অভিযুক্ত পিয়াল, রাব্বিরা বিভিন্ন সময় আমার দোকানে এসে টাকা দাবি করতেন। তাদের দাবি মেনে না নেওয়ায় আমাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হতো। এক পর্যায়ে আমরা ব্যবসা পরিচালনা না করার সিদ্ধান্ত নেই। পরে আমাদের প্রতিষ্ঠানে থাকা প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা মূল্যের অটো পার্টস পাগলা মর্ডান এলাকার একটি গ্যারেজে রেখে দেই।
সিহাবের অভিযোগ, অভিযুক্তরা পরে আবারও তার কাছে টাকা দাবি করেন। এতে রাজি না হওয়ায় তার মালামাল নিয়ে অজ্ঞাত স্থানে বিক্রি করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, এরই ধারাবাহিকতায় বুধবার দুপুর ১২টার দিকে পিয়াল, রাব্বি, মোহাম্মদ আলীসহ অজ্ঞাতনামা কয়েকজন ধারালো চাপাতি, সুইচ গিয়ার ও লাঠিসোঁটা নিয়ে গ্যারেজে প্রবেশ করেন। এ সময় গ্যারেজের নিরাপত্তাকর্মী মো. দেলোয়ার হোসেনকে (৫৫) প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে গ্যারেজে রাখা প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা মূল্যের অটো পার্টস নিয়ে তারা চলে যান বলে অভিযোগ করেন সিহাব।
সিহাব আরও অভিযোগ করেন, অভিযুক্তরা বিএনপির রাজনৈতিক দলের নাম ব্যবহার করে এলাকায় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা আদায় করেন। এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অভিযুক্তরা যেকোনো সময় তার বড় ধরনের ক্ষতি করতে পারেন বলে আশঙ্কা কথাও উল্লেখ করেন ভুক্তভোগী সিহাব।
এবিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘অভিযোগটি পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’





































