২৮ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫৩, ২৮ সেপ্টেম্বর ২০২৬

চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া

চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী উৎসব ও বন্ধন পরিবহনের সাধারণ যাত্রী ও শিক্ষার্থীদের ভাড়া নির্ধারণ নিয়ে প্রশাসন, বাস মালিক ও শিক্ষার্থী-যাত্রী প্রতিনিধিদের মধ্যে প্রায় চার ঘণ্টা আলোচনা হয়েছে। তবে দীর্ঘ বৈঠকেও ভাড়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কোনো পক্ষ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, ‘নারায়ণগঞ্জের শান্তিপূর্ণ অবস্থান আমরা নষ্ট করতে চাই না। আবার আন্দোলন, সংগ্রাম কিংবা বাস বন্ধ—এমন পরিস্থিতিতেও যেতে চাই না। এই ইস্যুর সমাধান না হলে অস্থির পরিস্থিতি তৈরি হতে পারে।’

ভাড়া নিয়ে আলোচনার বিষয়ে তিনি বলেন, ‘আমরা সাধারণ যাত্রীর ভাড়া ৫৫ টাকা বলছি, আর বাস মালিকেরা ৬০ টাকা বলছেন। মাঝামাঝি একটি জায়গায় আনার জন্য ৫৭ টাকার একটি প্রস্তাব এসেছে। আমি ৫৮ টাকার কথাও বলেছি। শিক্ষার্থীদের ভাড়া ৩৫ টাকা থাকবে। এটি মানলে একরকম সমাধান হতে পারে, না হলে কিছু করার থাকবে না।’

তিনি আরও বলেন, গত এপ্রিল থেকে শিক্ষার্থীদের ভাড়া ৩৫ টাকা থাকলেও তাদের দাবি ছিল ৩০ টাকা। মূল ভাড়া কমিয়ে আনার স্বার্থেই ৩৫ টাকার বিষয়ে আলোচনা করা হয়েছে।

অন্যদিকে বাস মালিকপক্ষ সাধারণ যাত্রীর ভাড়া ৬০ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৩৫ টাকা নির্ধারণের দাবি জানায়। একপর্যায়ে তারা সভাকক্ষ ত্যাগ করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, ‘দীর্ঘ চার ঘণ্টা ধরে উভয় পক্ষের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। তাদের যৌক্তিক দাবিগুলো শুনেছি। উভয় পক্ষকে কিছুটা ছাড় দিয়ে এমন একটি অবস্থানে আসতে বলা হয়েছে, যাতে জনগণের ওপর অতিরিক্ত চাপ না পড়ে এবং বাস মালিকেরাও ক্ষতিগ্রস্ত না হন।’

তিনি বলেন, ‘দীর্ঘক্ষণ আলোচনা হলেও পুরোপুরি সমাধানে তারা এখনো আসতে পারেননি। আমরা আশা করছি, খুব দ্রুত বিষয়টির সমাধান হবে।’

ইউএনও জানান, শিক্ষার্থীদের পক্ষ থেকে ৩৪ টাকা এবং বাস মালিকপক্ষ ৩৫ টাকা ভাড়ার প্রস্তাব দিয়েছে। সাধারণ যাত্রীর ভাড়া নিয়েও বিভিন্ন প্রস্তাব এসেছে। তবে কোনো প্রস্তাবেই চূড়ান্ত ঐকমত্য হয়নি।

সর্বশেষ

জনপ্রিয়