সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ১০ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী মামলার আসামি, মাদক কারবারি ও পরোয়ানাভুক্তসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় এক মাদক কারবারির কাছ থেকে ২৬টি ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারি ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে সন্ত্রাসবিরোধী মামলার আসামি সিদ্ধিরগঞ্জের কদমতলী বড় মসজিদ এলাকার জসিমের ছেলে সায়মন (২৭)।
সামারি ট্রায়ালে গ্রেপ্তার পাঁচজন হলেন—মধ্য সানারপাড়ের দুলালের ছেলে শহীদ (২৮), পশ্চিম সানারপাড়ের বাবুলের ছেলে জাহিদ (২৪), পশ্চিম সৈয়দপাড়া ক্যানেলপাড়ের বাবুলের ছেলে রনি (৩৪), শান্তিনগর ক্যানেলপাড়ের করিম সরকারের ছেলে ছাত্তার সরকার (৩৯) এবং ফতুল্লার শাহজালাল রোড এলাকার সালামের ছেলে ইসমাইল (২১)।
সিআর ও জিআর পরোয়ানামূলে গ্রেপ্তার তিনজন হলেন গোদনাইল ভূঁইয়াপাড়ার আবুল কাসেমের ছেলে ফারুক (৪৯), বর্তমানে সিদ্ধিরগঞ্জের কদমতলী ইপিজেড এলাকায় বসবাসকারী মিজানুর রহমান মেম্বারের ছেলে রাসেল এবং রসুলবাগ আদর্শনগর এলাকার আলমগীর হোসেনের ছেলে রতন।
এ ছাড়া মাদকবিরোধী অভিযানে শিমরাইল এলাকার মৃত ফজরের ছেলে কামালকে (৪০) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২৬টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ১০ জনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।





































