২০ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৩, ২০ সেপ্টেম্বর ২০২৬

জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে সেমিনার

জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে সেমিনার

জাপানে উচ্চশিক্ষা, ভাষা শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ নিয়ে নারায়ণগঞ্জে ‘জাপান করণীয়: সম্ভাবনা ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে ‘জেবি কোকুসাই গো গাকুইনে’র আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

জেবি কোকুসাই গো গাকুইনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ স্টুডেন্ট সাপোর্ট অ্যাসোসিয়েশনের (জাপান) সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রাজিবের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন পান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা রোভার স্কাউট কমিশনার শরীফ মোহাম্মদ আরিফ মিহির।

বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা মাকিদ মোস্তাকিম শিপলু এবং হাসিনা অটিজম গ্র্যান্ড কেয়ারের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ হাসিনা রহমান সিমু।

প্রধান অতিথির বক্তব্যে শরীফ মোহাম্মদ আরিফ মিহির বলেন, ‘এই প্রতিষ্ঠানের মাধ্যমে ভাষা শিখে ও পরীক্ষা দিয়ে শিক্ষার্থীরা জাপান যায়। এখানে প্রাথমিকভাবে এন-ফাইভ এবং পরে এন-ফোর সম্পন্ন করার সুযোগ রয়েছে। জাপানে যাওয়ার আগে দেশে থেকেই ভাষা শেখার সুযোগ শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ।’

জাপানে যেতে আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিষ্ঠান বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘ভালোভাবে দেখে, জেনে ও বুঝে প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী ভর্তি করবেন। সঠিকভাবে ভাষা ও প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে গেলে শিক্ষার্থীদের জন্য সুযোগ তৈরি হতে পারে।’

সভাপতির বক্তব্যে নজরুল ইসলাম রাজিব বলেন, জাপানে উচ্চশিক্ষা ও কর্মজীবনে সফল হতে দেশটির ভাষা, সংস্কৃতি ও জীবনযাপনের সঙ্গে খাপ খাওয়ানো গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘জাপানের ভাষা ঠিকমতো রপ্ত করতে না পারলে চাকরি পাওয়া, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া এবং দৈনন্দিন জীবনযাপনে সমস্যায় পড়তে হয়। তাই আমরা পরামর্শ দিই, জাপানে যাওয়ার আগে এন-ফোর পর্যন্ত ভাষা শেখার পাশাপাশি সেখানকার দৈনন্দিন জীবনযাপন সম্পর্কেও প্রস্তুতি নিয়ে যেতে।’

নজরুল ইসলাম রাজিব আরও বলেন, তাঁদের প্রতিষ্ঠান ভাষা শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া, যাতায়াত ও জাপানে প্রাথমিকভাবে থাকা-খাওয়াসহ বিভিন্ন বিষয়ে সহায়তা দিয়ে থাকে। একই সঙ্গে শিক্ষার্থীদের কর্মসংস্থানে সহায়তা এবং প্রতিবছর নিজস্ব উদ্যোগে বৃত্তি দেওয়া হয় বলেও জানান তিনি।

সেমিনারে জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের প্রস্তুতি, জাপানি ভাষা শেখার গুরুত্ব, ভিসা প্রক্রিয়া এবং দেশটিতে যাওয়ার পর শিক্ষার্থীদের করণীয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়