২০ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:৩২, ২০ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে একসঙ্গে কাজ করার নির্দেশ ডিসির

ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে একসঙ্গে কাজ করার নির্দেশ ডিসির

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সরকারি সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। একই সঙ্গে স্কুল-কলেজ, খেলার মাঠ ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পানি জমে যেন এডিস মশার প্রজননক্ষেত্র তৈরি না হয়, সে বিষয়ে নিয়মিত নজরদারির নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার (২০ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।

সভায় জেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনস্বাস্থ্য, ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সরকারি সেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ‘উন্নয়নের পূর্বশর্ত সমন্বয়। সব দপ্তরকে একটি টিম হিসেবে কাজ করতে হবে, যাতে জনগণ দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পায়।’

ডেঙ্গু পরিস্থিতিকে এই মুহূর্তের অন্যতম বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, ‘সব দপ্তরপ্রধানকে নির্দেশ দিচ্ছি, আপনাদের অফিস, স্কুল-কলেজ, খেলার মাঠসহ আওতাধীন কোনো প্রতিষ্ঠানে যেন পানি জমে এডিস মশার প্রজননক্ষেত্র তৈরি না হয়। নিয়মিত মনিটরিং করতে হবে। এটি শুধু স্বাস্থ্য বিভাগের দায়িত্ব নয়, সবার দায়িত্ব।’

সভায় বিভিন্ন স্থানে জমে থাকা পানি দ্রুত অপসারণ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা এবং কর্মমুখী সেবা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসক বলেন, ‘অফিস সহকারী ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। জনগণ যেন দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পায় এবং দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা আসে, সে জন্য সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।’

সভায় সিভিল সার্জন ডা. এস এম সাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাঈমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুর রহমান, জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা, সহকারী কমিশনার (ভূমি), জেল সুপার, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়