মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে দেওভোগ খানকা গলি পঞ্চায়েত কমিটির পরিচিতি সভা
নারায়ণগঞ্জের দেওভোগ পাক্কা রোড খানকা গলি এলাকায় মাদক নির্মূল, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার অঙ্গীকার নিয়ে নবগঠিত পঞ্চায়েত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বাদ এশা আব্দুল হাকিম কন্ট্রাক্টর জামে মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়। যুব সমাজের সার্বিক সহযোগিতায় আয়োজিত সভায় হাসান উল রাকিবের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জামাল হোসেন খোকন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নবগঠিত পঞ্চায়েত কমিটির সভাপতি আওলাদ হোসেন বলেন, “দীর্ঘ ১২-১৩ বছর ধরে আমাদের এলাকায় মাদকের উপদ্রব বেড়ে গিয়েছিল। যুব সমাজকে সঙ্গে নিয়ে আমরা এই এলাকাকে পুরোপুরি মাদকমুক্ত করার উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে আমরা বেশ কিছু পরিবারকে ভালো পথে ফিরিয়ে আনতে পেরেছি। আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মাদকসেবী ও কারবারিদের তালিকা জমা দেব। এলাকায় কোনো প্রকার মাদক বিক্রি বা সেবন চলবে না।”
তিনি আরও বলেন, “পঞ্চায়েতের পক্ষ থেকে অসচ্ছল শিক্ষার্থীদের স্কুলের ফি দেওয়া, চিকিৎসা সহায়তা এবং বিয়েতে সহযোগিতার কার্যক্রমও চালু রাখা হয়েছে। এছাড়া ইভটিজিং রোধে স্কুল চলাকালীন বহিরাগতদের আড্ডা বন্ধ করা এবং সাবেক মুরুব্বিদের স্মরণে খেলাধুলার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রমজান বলেন, “আমাদের যুব সমাজ রাত-দিন পরিশ্রম করে এলাকা পাহারা দিচ্ছে। যারা এলাকায় এখনও মাদকের সঙ্গে জড়িত, তারা সতর্ক হয়ে যান। আমরা প্রথমে বুঝিয়ে ভালো করার চেষ্টা করছি। এরপরও কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না।”
তিনি বলেন, “পঞ্চায়েত কমিটি শুধু মাদক নির্মূল নয়, এলাকার নিরাপত্তার স্বার্থে প্রধান গেট নির্মাণ, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং অন্ধকার গলিগুলোতে পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা করার উদ্যোগ নেবে। পুরো এলাকাকে একটি নিরাপদ ও আদর্শ মহল্লায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য।”
এ সময় নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সহ-সভাপতি সালেহ আহমেদ শাহিন, শাহজালাল মন্ডল ও শামসুজ রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, হায়দার হোসেন, মোহাম্মদ নাসির হোসেন ও বেনিয়ামিন সুজন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল হাবিব ও মো. জুমান হোসেনসহ স্থানীয় মুরুব্বি ও যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





































