যমজ দুই ভাইয়ের পর বিকেলে আবিরের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া তিন স্কুলশিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। বিকেল ৩টা ২৫ মিনিটে যমজ দুই ভাই আসেকিন ও আরেফিনের মরদেহ উদ্ধারের পর বিকেল ৫টার দিকে উদ্ধার করা হয় অপর শিক্ষার্থী আবিরের মরদেহ।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার আগে উপজেলার ভাটিবন্দর বালুরমাঠ এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়।
নিহত শিক্ষার্থীরা হলো সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকার মোহাম্মদ ফারুকের যমজ দুই ছেলে আসেকিন (১৫) ও আরেফিন (১৫) এবং একই এলাকার আব্দুল আলিমের ছেলে আবির (১৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনজনই মোগরাপাড়া এইচ.জি.জি.এস. স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী। যমজ দুই ভাই নবম শ্রেণিতে এবং আবির অষ্টম শ্রেণিতে পড়ত।
পরিবারের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, রোববার স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় তারা। তবে স্কুলে না গিয়ে চার বন্ধু মিলে মেঘনা নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তাদের সঙ্গে থাকা একজন পানি থেকে উঠে এলেও আসেকিন, আরেফিন ও আবির নদীতে তলিয়ে যায়।
খবর পেয়ে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা শুরু করে। পরে ঢাকা থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, বিকেল ৩টা ২৫ মিনিটে নিখোঁজ তিন শিক্ষার্থীর মধ্যে যমজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়। পরে বিকেল ৫টার দিকে আবিরের মরদেহও উদ্ধার করেন ডুবুরিরা।
তিনি আরও জানান, উদ্ধার করা মরদেহগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।





































