২০ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:৪০, ২০ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৫:৪০, ২০ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউলুপ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মফিজুর (৪০), রুহুল আমিন (৪৮), মো. রুবেল (২৮) ও মো. সোহেল (৪২)।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, রাত ৯টা থেকে ১২টার মধ্যে মৌচাক ইউলুপ ও আশপাশের এলাকায় অভিযান চালানো হয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম ও তাঁর সঙ্গীয় পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

পুলিশের দাবি, গ্রেপ্তার চারজন সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার এজাহারনামীয় আসামি। তাঁদের মধ্যে মফিজুরকে আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও মিছিলে অংশগ্রহণকারী, রুহুল আমিনকে বঙ্গবন্ধু পরিষদের সক্রিয় সদস্য, রুবেলকে তাঁতী লীগের সক্রিয় সদস্য এবং সোহেলকে স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য ও মিছিলে অংশগ্রহণকারী হিসেবে উল্লেখ করেছে পুলিশ।

গ্রেপ্তারের পর চারজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়