ফতুল্লায় ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গুলির অভিযোগ
নারায়ণগঞ্জের ফতুল্লায় ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের বিরুদ্ধে একে অপরের বাড়িঘর ভাঙচুর ও পাল্টাপাল্টি গুলি ছোড়ার অভিযোগ উঠেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকায় মৎস্যজীবী দলের নেতা হোসেন ও একই এলাকার রুবেল গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে উভয়পক্ষ ফতুল্লা মডেল থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নরসিংপুর এলাকায় নদী থেকে বালু তুলে নিচু জমি ভরাট ও বাড়িঘর নির্মাণের ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে হোসেন ও রুবেল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে শনিবার বিকেলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের সময় রামদা, লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। এ সময় আগ্নেয়াস্ত্রও প্রদর্শন করা হয় বলে অভিযোগ রয়েছে। উভয়পক্ষ একে অপরের বাড়িঘরে ভাঙচুর চালায়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্যে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা গুলির কয়েকটি খোসা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন বলে জানা গেছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, ‘উভয়পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’





































