সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ কর্মী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্য ও সন্ত্রাসবিরোধী মামলায় মো. খলিলুর রহমান শ্যামল (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদি নতুন মহল্লা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার শ্যামল সোনারগাঁও থানার শেখের হাট (মহজমপুর) এলাকার মৃত ফজলুল হক ভূইয়ার ছেলে। পুলিশের দাবি, তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের সক্রিয় কর্মী।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. জাকিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শ্যামলের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের যাত্রাবাড়ী থানায় একটি এবং নারায়ণগঞ্জের বন্দর থানায় তিনটি মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনে অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।





































