১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১৫, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর থানায় মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও অবৈধ অস্ত্রসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোর থেকে রাত পর্যন্ত বন্দর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারদের মধ্যে পূর্বের মামলার ৫ জন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ২ জন, নন-এফআইআর প্রসিকিউশনের ১ জন এবং মাদক সেবনের অভিযোগে ৮ জন রয়েছেন।

অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চিনারদী এলাকার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের স্থানীয় নেতা মো. শাহ-আলম (৫০) এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় শাহী মসজিদ খালপাড় এলাকার ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান স্বপন (৫০)কে গ্রেপ্তার করা হয়।

এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় নাহিয়ান (২০) ও রাকিব (২০), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় শাহ-আলম (৪০) এবং পুলিশ আইনের নন-এফআইআর প্রসিকিউশনে সাকিব শিকদার (৪৮)কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানামূলে শিউলি ও মওদুদ ভূঁইয়াকেও গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সোমবার রাতে বন্দর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

বন্দর থানার পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মিজানুর রহমান, এসআই মো. আবদুল আলীম, এসআই মিকাইল হোসেনসহ পুলিশের পৃথক দল এসব অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ১৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বন্দর থানা পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়