বন্দরে অতিরিক্ত স্পিড ব্রেকারে ফায়ার সার্ভিসের আপত্তি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বিভিন্ন সড়কে অতিরিক্ত স্পিড ব্রেকার স্থাপনে আপত্তি জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এতে অগ্নিকাণ্ডসহ জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বন্দর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার সঞ্জয় খান।
তিনি বলেন, সড়কে প্রয়োজনের তুলনায় বেশি স্পিড ব্রেকার থাকলে ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুতগতিতে চলাচলে সমস্যা হয়। বিশেষ করে জরুরি মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত বা অপরিকল্পিত স্পিড ব্রেকারের কারণে জরুরি সেবার সময় বেড়ে যেতে পারে।
সঞ্জয় খান আরও বলেন, সড়কে স্পিড ব্রেকার প্রয়োজন হলে তা নির্দিষ্ট মান ও পরিকল্পনা অনুযায়ী স্থাপন করা উচিত। একই সঙ্গে ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলের বিষয়টি বিবেচনায় রেখে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে স্পিড ব্রেকার স্থাপনের ক্ষেত্রে সমন্বয় করা প্রয়োজন।
সভায় উপজেলার বিভিন্ন সড়কে স্পিড ব্রেকার স্থাপন, সড়কের অবস্থা ও জরুরি সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়।





































