১০ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৬, ৯ আগস্ট ২০২৬

পুলিশকে দ্বন্দ্বে নয়, অপরাধ দমনে মনোযোগী হতে হবে: ডিসি

পুলিশকে দ্বন্দ্বে নয়, অপরাধ দমনে মনোযোগী হতে হবে: ডিসি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেছেন, পুলিশকে নিজেদের ভেতরের দ্বন্দ্ব মেটাতে ব্যস্ত না রেখে অপরাধীদের বিরুদ্ধে কাজ করার সুযোগ তৈরি করতে হবে। এ জন্য প্রশাসন, রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বাজার নিয়মিত মনিটরিং, যোগাযোগব্যবস্থা সচল রাখা, অবৈধ গ্যাস সংযোগ এবং ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন বিষয়ে প্রশাসন কাজ করবে।

মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে তিনি বলেন, আইন অনুযায়ী যতটুকু সম্ভব মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। তবে কোনো কোনো মাদকদ্রব্যের ক্ষেত্রে মোবাইল কোর্টে সাজা দিলেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। তাই আইন-কানুন পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব দেওয়া হবে।

সিসিটিভি ক্যামেরা স্থাপন প্রসঙ্গে মো. রায়হান কবির বলেন, জেলার বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সড়কের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। ক্যামেরা স্থাপনের ক্ষেত্রে কিছু অগ্রগতি হয়েছে। এ সপ্তাহের মধ্যে বাজেট পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা সম্ভব হবে।

অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি বলেন, গত এক মাসে পাঁচটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের কার্যক্রম আরও জোরদার করা হবে।

নারী ও শিশু নির্যাতনের বিষয়ে জেলা প্রশাসক বলেন, এ ধরনের ঘটনা কিছুটা বেড়েছে। এ বিষয়ে আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। নারী ও শিশু আদালতসহ নারীদের সহায়তায় যেসব কমিটি রয়েছে, সেগুলোকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হবে।

গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বলেন, এসব সমস্যা সমাধানে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। কোনো ধরনের জনভোগান্তি সৃষ্টি না করে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করতে হবে।

জেলা প্রশাসক বলেন, জনগণই রাষ্ট্রের সব সেবার মূল কেন্দ্র। একটি পরিবারের কথা চিন্তা করলে সেই পরিবারের কাছে রাজনৈতিক দলগুলো ভোট চায়, পুলিশ আইনশৃঙ্খলা সেবা দেয়, গ্যাস-বিদ্যুৎ সংস্থাগুলো সেবা দেয় এবং প্রশাসন ও বিচার বিভাগ তাদের দায়িত্ব পালন করে। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের কাজের লক্ষ্য মূলত একই—জনগণকে সেবা দেওয়া।

এ জন্য রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেন তিনি।

নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিবেশ প্রসঙ্গে মো. রায়হান কবির বলেন, এখানকার মানুষ অনেক বেশি সহনশীল। রাজনৈতিক দলের নেতারাও অনেকটাই সহনশীল এবং অন্য অনেক জায়গার তুলনায় নারায়ণগঞ্জে এ বিষয়ে আন্তরিকতা রয়েছে। এই আন্তরিকতাকে কাজে লাগিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

পুলিশের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, পুলিশকে নিজেদের ভেতরের দ্বন্দ্ব মেটাতে ব্যস্ত থাকতে হলে অপরাধীদের বিরুদ্ধে কাজ করার সুযোগ কমে যায়। তাই নিজেদের মধ্যে থাকা দ্বন্দ্বগুলো মিটিয়ে এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে পুলিশ অপরাধীদের বিরুদ্ধে কার্যকরভাবে কাজ করতে পারে।

তিনি আরও বলেন, পুলিশকে আরও সক্রিয় হওয়ার প্রয়োজন রয়েছে। ধীরে ধীরে পুলিশ পূর্ণ সক্ষমতায় ফিরে আসবে বলে আশা করছি। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রধান ভূমিকা পালন করে। পুলিশ পূর্ণ সক্ষমতায় কার্যক্রম চালাতে পারলে জেলার অনেক সমস্যার সমাধান হবে।

‘ততদিন পর্যন্ত আমরা সবাই মিলে পুলিশকে নৈতিক সমর্থন থেকে শুরু করে আইনগত সহযোগিতাসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে চাই, যাতে পুলিশ পুলিশের মতো কার্যক্রম চালিয়ে যেতে পারে,’ বলেন জেলা প্রশাসক।

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, জেলা সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ মশিউর রহমান, মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী মহানগরীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদসহ সংশ্লিষ্টরা।

সর্বশেষ

জনপ্রিয়