মতিন চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল
নারায়ণগঞ্জে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম আলহাজ আব্দুল মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) বিকেল ৪টায় সাবেক জেলা ছাত্রদল সভাপতি জাকির খানের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হুমায়ুন কবির।
অনুষ্ঠানে বক্তারা মরহুম আব্দুল মতিন চৌধুরীর রাজনৈতিক জীবন, বিএনপিকে সুসংগঠিত করা এবং নারায়ণগঞ্জে নতুন নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। তাঁরা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট হুমায়ুন কবির বলেন, আব্দুল মতিন চৌধুরী নারায়ণগঞ্জের রাজনীতিতে একজন অভিভাবকসুলভ নেতা ছিলেন। এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে তাঁর অবদান নেতাকর্মীদের কাছে অনুকরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। তারা মরহুম নেতার রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শ অনুসরণ করে দলকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
দোয়া ও মিলাদ মাহফিলে মহানগর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





































