১০ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১৫, ৯ আগস্ট ২০২৬

বন্দরে ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বন্দরে ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দরে আব্দুল মান্নান (৩৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) সকালে উপজেলার ধামগড় ইউনিয়নের গোকুলদাসের বাগ টিনের মসজিদ এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুল মান্নান ওই এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় পিকআপ চালক ছিলেন। তার ১৮ বছর বয়সী এক মেয়ে ও ১৫ বছর বয়সী এক ছেলে রয়েছে।

নিহতের স্ত্রী নাসিমা জানান, সকাল সাড়ে ১০টার দিকে তিনি স্বামীকে খাটে শুয়ে থাকতে দেখে বাড়ির বাইরে যান। প্রায় আধা ঘণ্টা পর ফিরে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। কয়েকবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে নামিয়ে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বন্দর থানাধীন ধামগড় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফজলুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে আব্দুল মান্নানের ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

সর্বশেষ

জনপ্রিয়