মিশুকচালক ওয়ালি উল্লাহ হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মিশুকচালক ওয়ালি উল্লাহ (২০) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া মিশুক ও নিহতের ব্যবহৃত মুঠোফোন উদ্ধার করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) দুপুরে পিবিআই নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
পিবিআই জানায়, গত ৫ জুলাই অসুস্থ বাবার পরিবর্তে মিশুক চালাতে বের হওয়ার পর নিখোঁজ হন ওয়ালি উল্লাহ। তাঁর মুঠোফোন বন্ধ পাওয়ার পর পরিবারের সদস্যরা ৬ জুলাই সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। একই দিন আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের গ্রুপদী গ্রামের একটি নির্জন স্থান থেকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নসহ তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা হারুন রশিদ অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জনকে আসামি করে আড়াইহাজার থানায় হত্যা মামলা করেন।
পিবিআই জানায়, তথ্যপ্রযুক্তি, সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য ও বিভিন্ন রুট বিশ্লেষণ করে গত ২ আগস্ট সোনারগাঁ থেকে আওলাদ হোসেন (২৬) ও শাহিন (৩১) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৬ আগস্ট শাহিনের বাড়ি থেকে নিহতের ব্যবহৃত স্যামসাং মুঠোফোন ও একটি বাংলালিংক সিম উদ্ধার করা হয়। পরদিন মুন্সিগঞ্জের গজারিয়ার ভবেরচর এলাকা থেকে ছিনতাই হওয়া মিশুকটি উদ্ধার করা হয়।
পিবিআই আরও জানায়, গ্রেপ্তার দুজনসহ ৪ থেকে ৫ সদস্যের একটি সংঘবদ্ধ চক্র বারদী অটোস্ট্যান্ড থেকে পরিকল্পিতভাবে মিশুক ভাড়া করে আড়াইহাজারের সুলতানশাদী বাজারে যায়। ফেরার পথে গ্রুপদী গ্রামের একটি নির্জন স্থানে চালক ওয়ালি উল্লাহকে ছুরিকাঘাতে হত্যা করে তাঁর মিশুক ও মুঠোফোন ছিনিয়ে নেয় চক্রটি। পরে মিশুকটি ভবেরচর এলাকায় বিক্রি করে দেওয়া হয়।
পাঁচ দিনের রিমান্ড শেষে গত ৮ আগস্ট আসামিদের আদালতে হাজির করা হয়। এ সময় শাহিন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে স্বেচ্ছায় জবানবন্দি দেন।
পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ বলেন, তথ্যপ্রযুক্তি, সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য ও ধারাবাহিক তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করা হয়েছে। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।





































