অবৈধ গ্যাস-বিদ্যুৎ ব্যবহার বন্ধে কঠোর হওয়ার আহ্বান এমপি কালামের
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, অবৈধভাবে গ্যাস সরবরাহের কারণে মূল স্থানে গ্যাসের সরবরাহ ব্যাহত হচ্ছে। একইভাবে অবৈধ বিদ্যুৎ ব্যবহার ও ইজিবাইকের ব্যাটারি চার্জের কারণে বিদ্যুতের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।
রোববার (৯ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন তিনি।
গ্যাস সংকট প্রসঙ্গে অ্যাডভোকেট আবুল কালাম বলেন, ‘অনেকগুলো সেক্টর আছে, যেখানে অবৈধভাবে সাপ্লাই দেওয়ার কারণে মূল স্থানে সাপ্লাই পাচ্ছি না।’
বিদ্যুৎ সংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘ইজিবাইকের ব্যাটারি চার্জ হচ্ছে কতগুলো। এটি একটি পয়েন্ট নিয়ে দেখেন, লোডশেডিংয়ে এটা কত বড় গুরুত্ব রাখছে। অজস্র ব্যাটারি এই বিদ্যুৎ নিয়ে যাচ্ছে। কিন্তু সরকার বঞ্চিত হচ্ছে। এটার কোনো রিটার্ন নেই সরকারের। এইভাবে যদি বিদ্যুৎ নষ্ট হয়, তাহলে কী করব?’
নগরীর যানজট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সংসদ সদস্য। তিনি বলেন, ‘শহরে যানজটের যে অবস্থা, আমাদের অ্যাম্বুলেন্স তো দূরের কথা, ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং নগর পরিকল্পনা এমনভাবে করা উচিত, বিভিন্ন উন্নত দেশের মতো।’
আবুল কালাম বলেন, ‘সিটিং, মিটিং ও ইটিং—এই তিনটি শব্দে আমরা অনেকে অভ্যস্ত হয়ে গেছি। এতে কোনো সুফল আসবে না, যদি আমরা আন্তরিকতা না দেখাই। এবং আমরা দায়িত্ববোধের জায়গায় না পৌঁছাতে পারি, তাহলে যে নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই সেটি হবে না।’
আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘আমি ওনাদেরকে ডিস্ট্রাকশন করব যে, সমাজকে অস্থিতিশীল করার জন্য রাজনৈতিকভাবে একটা মহল চক্রান্ত করছে। আপনারা যদি এই মুহূর্ত থেকে নিজেদেরকে বলীয়ান করে না তোলেন, একসময় আপনারা কিন্তু বিপদগ্রস্ত হয়ে পড়বেন।’
তিনি আরও বলেন, ‘সঠিকভাবে এখন কিন্তু আপনাদের খুঁজে নেওয়া দরকার, কারা অ্যাড্রেস করার জন্য চেষ্টা করতেছে, আনস্টেবল করার চেষ্টা করতেছে। এই মুহূর্তে আমাদের বিরোধী দল নিয়ে যেভাবে সংসদে সময়সীম অবস্থায় আছি, কিন্তু এটাকে উত্তেজিত করে আমাদের হাতছাড়া করার জন্য একটা মহল অলরেডি বাজারে আছে।’
সংসদ সদস্য বলেন, ‘অতএব এদিকে আমাদের চোখ খোলা রাখার দরকার আছে। সকলের সহযোগিতা প্রয়োজন। শুধু রাজনীতির ভিতরে যে রাজনীতি হিসেবে মোকাবিলা করা, তা নয়। জনগণের কিন্তু এটা রেসপন্সের কারণ। রাজনীতি ভালো থাকলে সরকার ভালো থাকে, সরকার ভালো থাকলে জনগণ ভালো থাকে।’
জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, জেলা সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ মশিউর রহমান, মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী মহানগরীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদসহ সংশ্লিষ্টরা।





































