১০ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫৭, ৯ আগস্ট ২০২৬

পুলিশের ভাবমূর্তি ফেরাতে কঠোর পদক্ষেপ চান রাজীব

পুলিশের ভাবমূর্তি ফেরাতে কঠোর পদক্ষেপ চান রাজীব

নারায়ণগঞ্জ জেলা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে পুলিশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, তা কাটিয়ে উঠতে হবে। পুলিশকে আঘাত করার মতো ঘটনা ঘটানোর দুঃসাহস কেউ দেখালে ২৪ ঘণ্টার মধ্যে তার বিরুদ্ধে আইনের প্রয়োগ দৃশ্যমান হওয়া দরকার। এতে শিথিলতা থাকলে অপরাধীরা উৎসাহিত হবে।

রোববার (৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

মাশুকুল ইসলাম রাজীব বলেন, ‘পুলিশকে ভয় পাওয়ার সংস্কৃতি থেকে মানুষকে বের করে একটি উদার গণতান্ত্রিক ব্যবস্থা করতে গিয়ে অনেক সময় পুলিশ নিজেই হামলার শিকার হচ্ছে। এটা খুবই দুঃখজনক। এ ধরনের ঘটনা কেউ ঘটানোর দুঃসাহস দেখালে ২৪ ঘণ্টার মধ্যে তার বিরুদ্ধে আইনের প্রয়োগ দেখা দরকার।’

তিনি বলেন, ‘আইনের প্রয়োগে শিথিলতা থাকলে অন্যরা উৎসাহিত হয় যে, পুলিশকে আঘাত করলে কিছু হবে না। অথচ মানুষের শেষ আশ্রয়স্থল, আইন প্রয়োগকারী সংস্থার শেষ আশ্রয়স্থল হলো পুলিশ। পুলিশের সক্ষমতা নিয়ে কারও মধ্যে যদি দুর্বলতা তৈরি হয়, তাহলে সমাজে এর নেতিবাচক প্রভাব পড়ে।’

সভায় নারায়ণগঞ্জের যানজট পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রাজীব। তিনি বলেন, ‘মানুষকে দ্রুত দেখাতে হবে যে আমরা কিছু করতে পারি। কারণ, যানজটের অবস্থা খুবই ভয়াবহ। এ অবস্থা থেকে নারায়ণগঞ্জকে মুক্ত করতে হবে। আপনি যতই ভালো কাজ করেন, যানজটে সব অর্জন ম্লান হয়ে যায়। তাই এই বিষয়টিকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত।’

সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘আমরা প্রশাসনের লোকজনকে শুধু দোষারোপ করি। কিন্তু এটার দায়িত্ব চেম্বার অব কমার্সও নিয়েছে। সিসি ক্যামেরা লাগানোর কথা তিন মাস ধরেই শুনছি। গত সভায় বিষয়টি পরিবর্তন হয়েছে, কিন্তু এখনো কাজ হয়নি। এআই ক্যামেরা নিয়ে আলোচনা না করে যার যে কমিটমেন্ট, তা দ্রুত পূরণ করা দরকার।’

পরিবেশ অধিদপ্তরের সেবা নিয়েও অভিযোগ করেন জেলা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। তিনি বলেন, মানুষের অভিযোগের মাত্রা অনেক বেশি। অনেক সহজ কাজেও মানুষকে হয়রানির শিকার হতে হয়। নির্ধারিত সময়ে মানুষ যে সেবা পাওয়ার কথা, অনেক ক্ষেত্রে তা দ্রুত পাচ্ছে না।

তিতাস গ্যাসের অবৈধ সংযোগের বিষয়ে তিনি বলেন, ‘এটা একটা বিরাট সমস্যা। অভিযান চালানোর দুই ঘণ্টা পর আবার অবৈধ লাইনের সংযোগ দেওয়া হচ্ছে। এটা কীভাবে সম্ভব? যারা অবৈধ সংযোগ দেয়, তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।’

জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, জেলা সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ মশিউর রহমান, মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী মহানগরীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সর্বশেষ

জনপ্রিয়