বিসিক চেয়ারম্যানকে হোসিয়ারী এসোসিয়েশনের শুভেচ্ছা
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) নবনিযুক্ত চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন (বিএইচএ)।
রোববার (৯ আগস্ট) দুপুরে বিসিক কার্যালয়ে এসোসিয়েশনের ২০২৫-২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধিদল চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করে। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে হোসিয়ারী শিল্পের অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরেন এসোসিয়েশনের নেতারা। একই সঙ্গে নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত বিসিক হোসিয়ারী শিল্পনগরীর অবকাঠামোগত সমস্যা, বেহাল ড্রেনেজ ব্যবস্থা এবং উদ্যোক্তাদের বিভিন্ন সংকটের বিষয় চেয়ারম্যানের দৃষ্টিতে আনেন তারা।
এসোসিয়েশনের নেতারা আশা প্রকাশ করেন, বেনজীর আহমেদ টিটুর দূরদর্শী নেতৃত্বে দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি (এমএসএমই) শিল্পখাত আরও সুসংগঠিত ও আধুনিক হবে।
এ সময় এসোসিয়েশনের পক্ষ থেকে বিসিক চেয়ারম্যানকে হোসিয়ারী শিল্পনগরী সরেজমিনে পরিদর্শনের আমন্ত্রণ জানানো হলে তিনি তা সাদরে গ্রহণ করেন। একই সঙ্গে শিল্পনগরীর বিদ্যমান সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে সমাধানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব বদিউজ্জামান বদু, সহ-সভাপতি (জেনারেল) মো. দুলাল মল্লিক, পরিচালক আবদুস সবুর খান, সাঈদ আহমেদ স্বপন, হাজী মো. শাহীন হোসেন, আলহাজ্ব মো. মনির হোসেন, মো. মিজানুর রহমান ও মো. মাসুদুর রহমানসহ বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





































