১০০ বিড়ালকে ফ্রি ভ্যাকসিন দিল নাসির উদ্দিন-শাহ্ শরিফুন নেসা ফাউন্ডেশন
নারায়ণগঞ্জে মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন-শাহ্ শরিফুন নেসা ফাউন্ডেশনের উদ্যোগে ১০০টি বিড়ালকে বিনামূল্যে ফ্লু ভ্যাকসিন প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নগরীর আল্লামা ইকবাল রোডের চাঁন মোল্লা টাওয়ারে এ ভ্যাকসিনেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, আল্লামা ইকবাল রোড মসজিদ কমিটির কার্যকরী সদস্য মঈন উদ্দিন আহমেদ মিঠু, প্রাণবিকের সভাপতি ফাহিমুল ইসলাম, ফাউন্ডেশনের সহ-সভাপতি ফয়সাল সিনহা, তাশফিয়া আহমেদসহ অন্যান্যরা।
শহরের হাজীগঞ্জ এলাকার স্কুলশিক্ষক এনামুল হক তার ১৩টি বিড়ালকে এ কর্মসূচির আওতায় ভ্যাকসিন দেন। তিনি বলেন, একটি বিড়ালকে ভ্যাকসিন দিতে সাধারণত ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা খরচ হয়। সেখানে ফাউন্ডেশন সম্পূর্ণ বিনামূল্যে এ সেবা দিয়েছে। ১০০টি বিড়ালকে বেসরকারিভাবে ভ্যাকসিন দিতে প্রায় এক লাখ টাকা ব্যয় হতো। এ উদ্যোগ প্রাণিপ্রেমীদের জন্য অত্যন্ত প্রশংসনীয়।
দেওভোগ এলাকার মোহাম্মদ রমজান মিয়া বলেন, বিড়ালের জন্য ফ্লু ভ্যাকসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের নামে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশন বিনামূল্যে এ সেবা দিয়ে প্রশংসনীয় কাজ করেছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করি।
ফাউন্ডেশনের চেয়ারম্যান শরীফ উদ্দিন সবুজ বলেন, বিড়াল ও কুকুরের ভ্যাকসিন প্রদান ব্যয়বহুল। আমাদের ইচ্ছা থাকলেও সামর্থ্য সীমিত। তাই সমাজের প্রাণিপ্রেমী ও বিত্তবান ব্যক্তিদের এ ধরনের মানবিক কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানাচ্ছি।





































