০১ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫৯, ১ জুলাই ২০২৬

নিজাম উদ্দিনের দুই ঘাটের ইজারা বাতিল করল বিআইডব্লিউটিএ

নিজাম উদ্দিনের দুই ঘাটের ইজারা বাতিল করল বিআইডব্লিউটিএ

মামলা চলমান থাকায় নারায়ণগঞ্জ নদীবন্দরের নিয়ন্ত্রণাধীন মাছুয়াবাজার কালেকশন রাইট পয়েন্ট (ভগবানগঞ্জ ফেরিঘাট যাত্রী ছাউনিসহ) এবং টানবাজার-কদমতলী এলাকার লেবার হ্যান্ডলিং পয়েন্টের ২০২৬-২০২৭ অর্থবছরের ইজারা বাতিল করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

গত ৩০ জুন প্রধান কার্যালয়ের এক লিখিত আদেশে ব্যবসায়ী নিজাম উদ্দিন মৃধার নামে জারি করা ইজারার সম্মতিপত্র ও সাময়িক কার্যাদেশ বাতিল করা হয়।

আদেশে বলা হয়, ২০২৫-২০২৬ অর্থবছরের ইজারাদার কর্তৃক ঢাকার ৮ম যুগ্ম জেলা জজ আদালতে দায়ের করা দেওয়ানি মামলা নং-৫৮/২০২৬-এর পরিপ্রেক্ষিতে আদালতের দেওয়া স্থিতাবস্থা ও স্থগিতাদেশ বলবৎ রয়েছে। এ কারণে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য জারি করা ইজারার সম্মতিপত্র ও সাময়িক কার্যাদেশের কার্যকারিতা বাতিল করা হয়েছে। আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট ঘাট ও পয়েন্ট পরিচালিত হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।

এর আগে গত ২০ মে বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ কার্যালয়ে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে তিনটি ঘাটের ইজারা পান আলোচিত গম ব্যবসায়ী নিজাম উদ্দিন মৃধা। এর মধ্যে টানবাজার-কদমতলী (নিতাইগঞ্জ খালঘাট) লেবার হ্যান্ডলিং পয়েন্টের ইজারা তিনি ২ কোটি ৫০ লাখ ১৫ হাজার টাকায় এবং মাছুয়াবাজার কালেকশন রাইট পয়েন্টের ইজারা ৩ কোটি ৭ লাখ টাকায় পান। এছাড়া কেরোসিনঘাট-নিতাইগঞ্জ এলাকার শুল্ক আদায় পয়েন্টের ইজারা পান ৬৫ লাখ টাকায়। তবে সর্বশেষ আদালতের আদেশের কারণে তার নামে বরাদ্দ দেওয়া দুটি ঘাটের ইজারা বাতিল করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়