জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জেলা জামায়াতের কর্মসূচি ঘোষণা
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখা।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকার মুহিত ফাউন্ডেশন অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মাওলানা মমিনুল হক সরকার।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা ছাত্র-জনতার আন্দোলনের ধারাবাহিকতায় দেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন আসে। তিনি জুলাই আন্দোলনে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা পর্যায়ে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- ৪ জুলাই ১১ দলীয় ঐক্যের ঘোষিত বিক্ষোভ সমাবেশে সমর্থন ও অংশগ্রহণ, ৫ থেকে ২০ জুলাই থানা ও ইউনিয়ন পর্যায়ে আলোচনা সভা, ১৩ জুলাই ‘জুলাই সনদ বাস্তবায়ন’ শীর্ষক সেমিনার, ২৩ থেকে ২৫ জুলাই উপজেলা ও থানা পর্যায়ে জুলাই আন্দোলনের চিত্র প্রদর্শনী, ২৯ জুলাই শহীদ পরিবার ও আহতদের নিয়ে মতবিনিময় সভা, ১ আগস্ট উপজেলা ভিত্তিক গণমিছিল, ২ থেকে ৪ আগস্ট শ্রমিকদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি এবং ৫ আগস্ট ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ।
প্রশ্নোত্তর পর্বে মাওলানা মমিনুল হক সরকার বলেন, সরকারি দলের কর্মসূচি সম্পর্কে তাদের কোনো তথ্য নেই। সরকার জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকী পালন করবে কি না, সে বিষয়েও তারা অবগত নন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস, ইঞ্জিনিয়ার আব্দুল বাকী, দেওয়ান খোরশেদ আলম, শ্রমিক নেতা আব্দুল মান্নান, মাওলানা মুজিবুর রহমান মিয়াজী, মুফতি জাহাঙ্গীর আলমসহ উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।





































