ফোনে হুমকির পর ব্যবসায়ীর গাড়িতে হামলা, থানায় অভিযোগ
নারায়ণগঞ্জ শহরের প্রাইম জেনারেল হসপিটালের মালিক আল আমিন নুরকে ফোনে হত্যার হুমকি দেওয়ার পর তার ব্যক্তিগত গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানা ও ফতুল্লা মডেল থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।
আল আমিন নুর জানান, গত ২০ মে রাত সোয়া ১০টার দিকে চাষাঢ়ায় অবস্থানকালে তার মোবাইল ফোনে একটি অজ্ঞাত নম্বর থেকে কল আসে। কলদাতা নিজের পরিচয় গোপন রেখে তাকে যেকোনো সময় বড় ধরনের ক্ষতি করার হুমকি দেন। পরে তিনি ওই নম্বরে কলব্যাক করলে সেটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় নিজের নিরাপত্তাহীনতার বিষয় উল্লেখ করে তিনি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এরপর গত ৭ জুন রাত সোয়া ৩টার দিকে শহরের মাসদাইর এলাকায় আল আমিনের ব্যক্তিগত মাইক্রোবাসে হামলার ঘটনা ঘটে। এ সময় গাড়িটি চালাচ্ছিলেন তার শ্বশুর কামাল হোসেন। অভিযোগ অনুযায়ী, বাড়িতে প্রবেশের সময় মুখোশধারী তিন ব্যক্তি দেশীয় ধারালো অস্ত্র নিয়ে গাড়ির গতিরোধ করে এবং সামনের গ্লাসসহ বিভিন্ন অংশে এলোপাতাড়ি কোপ দিয়ে ভাঙচুর চালায়। পরিস্থিতি বুঝে কামাল হোসেন গাড়ি ঘুরিয়ে দ্রুত সেখান থেকে চলে যান। প্রায় এক ঘণ্টা পর তিনি ও তার স্ত্রী শীলা আহমেদ পুনরায় বাড়িতে ফেরেন।
এ ঘটনায় কামাল হোসেন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, তার পরিবার এবং মেয়ে-জামাইয়ের জানমালের ক্ষতি করার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে বলে তার আশঙ্কা। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
আল আমিন নুর বলেন, "দুর্বৃত্তরা ধারণা করেছিল আমি গাড়ির ভেতরে আছি। এর আগেও এই গাড়ি নিয়ে বের হওয়ার সময় আমাকে লক্ষ্য করে অনুসরণ করা হয়েছিল। তবে ঘটনার দিন গাড়িতে আমার পরিবর্তে আমার শ্বশুর ও শাশুড়ি ছিলেন। কারা আমার ক্ষতি করতে চাচ্ছে, তা এই মুহূর্তে নিশ্চিতভাবে বলতে পারছি না। পুলিশ তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনুক, এটাই আমার দাবি।"
তিনি আরও বলেন, ফোনে হুমকি এবং পরবর্তী হামলার ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।





































