বন্দরে প্রথম দিনে অনুপস্থিত ৫১ এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হলেও প্রথম দিনেই অনুপস্থিত ছিলেন ৫১ জন পরীক্ষার্থী। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ৪টি কেন্দ্রে ও দুটি উপকেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার বন্দর উপজেলার কেন্দ্রগুলোতে সর্বমোট ৩ হাজার ২ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা ছিল। এর মধ্যে এইচএসসি পরীক্ষার্থী ২ হাজার ৮৯২ জন এবং আলিম পরীক্ষার্থী ১১০ জন। তবে প্রথম দিনের পরীক্ষায় অংশ নিয়েছেন ২ হাজার ৯৫১ জন, আর ৫১ জন পরীক্ষার্থী কেন্দ্রে উপস্থিত হননি।
উপজেলার পরীক্ষা কেন্দ্রগুলো হলো সরকারি কদমরসুল কলেজ, সরকারি হাজী ইব্রাহীম আলমচাঁন মডেল স্কুল অ্যান্ড কলেজ, নাজিম উদ্দিন ভূঁইয়া কলেজ এবং বন্দর ইসলামিয়া ফাজিল মাদরাসা। এছাড়া বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় উপকেন্দ্র হিসেবে দায়িত্ব পালন করে।
পরীক্ষার্থীদের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করে বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম জানান, প্রথম দিনের পরীক্ষায় ৫১ জন অনুপস্থিত থাকলেও কোনো পরীক্ষার্থী বা পরিদর্শক বহিষ্কার হননি। এছাড়া প্রশ্নফাঁস বা অন্য কোনো অনিয়মের ঘটনা ঘটেনি। সার্বিক পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক ও শান্তিপূর্ণ ছিল।
এদিকে পরীক্ষা কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন পুলিশ সদস্যরা। সকাল থেকেই কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি পরিদর্শনে যান বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার।





































