শব্দদূষণবিরোধী অভিযানে ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ
নারায়ণগঞ্জের সদর উপজেলায় শব্দদূষণবিরোধী অভিযানে শব্দদূষণকারী চারটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় চারটি যানবাহন থেকে মোট ৬ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় এবং চারটি হর্ন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আল-আমিন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসান-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সদর থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন পরিচালনা করেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী শব্দদূষণকারী চারটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ৬ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে চারটি হর্ন জব্দ করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর আরও জানায়, নারায়ণগঞ্জে পরিবেশ দূষণকারী কারখানা, প্রকল্প ও অন্যান্য দূষণকারী কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।





































