০২ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৬, ২ জুলাই ২০২৬

বন্দরে কিশোর গ্যাংয়ের হামলায় অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ আহত ৮

বন্দরে কিশোর গ্যাংয়ের হামলায় অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ আহত ৮
ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দরে কিশোর গ্যাংয়ের হামলায় অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ অন্তত আটজন আহত হয়েছেন। হামলার পর স্থানীয়দের প্রতিরোধের মুখে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য গণপিটুনির শিকার হয়। পরে অন্যরা পালিয়ে গেলেও গ্যাংয়ের নেতা শাওন ও তার কয়েকজন সহযোগীকে আটক করে মারধর করেন স্থানীয়রা।

বুধবার (১ জুলাই) রাতে বন্দরের ২৪ নম্বর ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দেউলী চৌরাপাড়া এলাকার সৌদি আরব প্রবাসী খায়রুলের সঙ্গে তার স্ত্রী জাকিয়ার আর্থিক বিষয়সহ বিভিন্ন পারিবারিক বিরোধ চলছিল। এ বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে বুধবার রাতে জাকিয়ার নানীর বাড়িতে একটি পারিবারিক বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠক শেষে খায়রুল ও তার পরিবারের সদস্যরা বাড়ি ফিরছিলেন। এ সময় কুড়িপাড়া লালখারবাগ এলাকার জহিরউদ্দিনের ছেলে ও চৌরাপাড়া এলাকার পাপিয়ার মেয়ের জামাই শাওন এবং মৃত জলিলের ছেলে আজিমের নেতৃত্বে একদল কিশোর গ্যাং সদস্য তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

হামলায় খায়রুল, তার অন্তঃসত্ত্বা মেয়ে জিদনী, শিশু পুত্র রাহিমসহ অন্তত আটজন আহত হন। পরে তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

এ সময় খায়রুল ও তার পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে হামলাকারীদের প্রতিরোধ করেন। স্থানীয়দের ধাওয়ায় অধিকাংশ হামলাকারী পালিয়ে গেলেও শাওন ও তার কয়েকজন সহযোগী গণপিটুনির শিকার হন।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, "ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

সর্বশেষ

জনপ্রিয়