বিট পুলিশিং সভা: মাদক-সন্ত্রাস দমনে ঐক্যের আহ্বান সদর ওসির
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ১৬ নম্বর ওয়ার্ডে বিট পুলিশিং সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশ ও স্থানীয়দের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
বুধবার (১ জুলাই) বিকেলে নগরীর ২২ ও ২৩ নম্বর দেওভোগ আদর্শ বালক-বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুর রহমান।
বক্তব্যে ওসি সাজেদুর রহমান বলেন, সমাজকে ভালো রাখতে হলে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য প্রয়োজন। পুলিশ একা সবকিছু করতে পারে না, জনগণের সহযোগিতা থাকলে অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব।
তিনি বলেন, “আপনারা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামেন, আমি আপনাদের পাশে থাকবো। যখন প্রয়োজন হবে আমাকে জানাবেন, আমি আমার সদস্যদের সহযোগিতা দেব। প্রয়োজনে নিজেও এলাকায় আসবো।”
তিনি আরও বলেন, ভোর থেকে রাত পর্যন্ত পুলিশ নিয়মিত টহল ও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। এলাকায় অপরাধ দমনে পুলিশের পাশাপাশি স্থানীয়দের সচেতন ও সহযোগী ভূমিকা গুরুত্বপূর্ণ।
সভায় সভাপতির বক্তব্যে ১৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি রাফিউদ্দিন রিয়াদ বলেন, “আমরা চাই পুলিশ অভিযান পরিচালনার সময় সঠিক তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেবে। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, আবার কোনো অপরাধী যেন ছাড় না পায়।”
রাফিউদ্দিন রিয়াদ আরও বলেন, ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মাদক, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন। তিনি স্থানীয়দের পক্ষ থেকে পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এলাকার কয়েকটি সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, কিছু স্থানে অবৈধ দোকান, যানজট, মাদক বেচাকেনা ও অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। এ সব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান রাফিউদ্দিন রিয়াদ।
সভায় আরও উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর বেপারী, সিনিয়র সহসভাপতি মো. জাকির হোসেন, সহসভাপতি মো. তোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন রানা, অর্থ বিষয়ক সম্পাদক মো. দাবির আহাম্মদ সানি, সহকারী অর্থ বিষয়ক সম্পাদক মো. ফয়সাল আহামেদ, দপ্তর বিষয়ক সম্পাদক মো. আমজাদ হোসেন, সহকারী দপ্তর বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আরাফাত প্রেরণ, প্রচার বিষয়ক সম্পাদক মো. মাহবুবুর রহমান প্রমুখ।
এ সময় বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে স্থানীয়দের সঙ্গে পুলিশের যোগাযোগ আরও বাড়ানো এবং অপরাধ প্রতিরোধে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।





































