নজরুল বর্ষ: বন্দরে তিনদিনের কর্মসূচির উদ্বোধন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, সাম্য, মানবতা এবং বিদ্রোহের অমর বাণী নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপনের শুভ সূচনা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে এই বর্ণাঢ্য কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের ব্যাপক আয়োজন করা হয়েছে। বন্দর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষিকা রোকশানা সামিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর-বন্দর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। তিনি তার বক্তব্যে বলেন, “মানবতার কবি কাজী নজরুল ইসলাম ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তার সাহিত্য, দর্শন এবং অসাম্প্রদায়িক আদর্শ সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। আমি আশা করি, এই নজরুল বর্ষ উদযাপন কর্মসূচির মাধ্যমে কবির সেই শাশ্বত বাণী নতুন প্রজন্মের মাঝে আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তাসলিমা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এরশাদ হোসেন, বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান এবং সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উদ্বোধনী দিনে নজরুল সংগীত পরিবেশনা এবং শিক্ষামূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নজরুল চর্চায় উৎসাহিত করতে বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। তিন দিনব্যাপী এই কর্মসূচির মাধ্যমে বন্দর উপজেলা জুড়ে নজরুলের আদর্শের আলোকবর্তিকা ছড়িয়ে দিতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে প্রশাসন।





































