৩০ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:০৯, ৩০ জুন ২০২৬

দালালের খপ্পরে নয়, বৈধ পথে বিদেশ যাওয়ার আহ্বান ডিসির

দালালের খপ্পরে নয়, বৈধ পথে বিদেশ যাওয়ার আহ্বান ডিসির

দালালের খপ্পরে না পড়ে সরকারি নিয়মনীতি মেনে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে বৈধ ও নিরাপদ উপায়ে বিদেশ গমনের আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

মঙ্গলবার (৩০ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে আয়োজিত অভিবাসন প্রত্যাশীদের উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, দালালের প্রলোভনে পড়ে অবৈধ পথে বিদেশে গেলে প্রতারণা ও নানা ধরনের ঝুঁকির মুখে পড়তে হয়। তাই সরকারি নিয়মনীতি অনুসরণ করে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ এবং বৈধ উপায়ে বিদেশে যাওয়াই নিরাপদ।

তিনি আরও বলেন, দক্ষ জনশক্তি হিসেবে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হলে একদিকে যেমন অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত হয়, অন্যদিকে দেশের রেমিট্যান্স প্রবাহও বৃদ্ধি পায়। এ জন্য বিদেশ যাওয়ার আগে সরকারি দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন। তিনি নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে জেলা প্রশাসনের গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং বিপুল সংখ্যক অভিবাসন প্রত্যাশী অংশ নেন। বক্তারা তথ্য ও প্রযুক্তির সহায়তায় প্রয়োজনীয় যাচাই-বাছাই করে বৈধ উপায়ে বিদেশ গমনের সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

সর্বশেষ

জনপ্রিয়