সদর উপজেলা বিতর্ক উৎসব: সেমিফাইনালে ৮ শিক্ষাপ্রতিষ্ঠান
নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসবের দ্বিতীয় পর্ব ও কোয়ার্টার ফাইনাল শেষে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আটটি শিক্ষাপ্রতিষ্ঠান। আগামী ২০ জুন সেমিফাইনাল এবং ২২ জুন জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বৃহস্পতিবার (১৮ জুন) সদর উপজেলার বিভিন্ন ভেন্যুতে মোট ২৪টি বিতর্ক অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে আট দিনব্যাপী এ উৎসবে অংশ নেয় উপজেলার ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রাথমিক বিভাগে সেমিফাইনালে ৩৯ নম্বর আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হবে ১০০ নম্বর বাতানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। অন্য সেমিফাইনালে ৭৫ নম্বর হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করবে ৭৪ নম্বর কুতুব আইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে।
মাধ্যমিক বিভাগে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল সেমিফাইনালে অংশ নেবে মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের বিপক্ষে। অন্য সেমিফাইনালে হরিহরপাড়া উচ্চ বিদ্যালয় মুখোমুখি হবে জালকুড়ি হাই স্কুল অ্যান্ড কলেজের।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ‘যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীল চিন্তাধারা উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।
উৎসবের সমাপনী পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ২২ জুন জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। ফাইনাল বিতর্কের মধ্য দিয়ে পর্দা নামবে সদর উপজেলা বিতর্ক উৎসবের।
গ্র্যান্ড ফাইনালে মডারেটর হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শামীম রেজা। জাতীয় পর্যায়ের বিতার্কিকেরা বিচারক ও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, নারায়ণগঞ্জ একটি শিল্পঘন এলাকা হওয়ায় এবারের বিতর্কের বিষয়বস্তু জলবায়ু পরিবর্তন ও এর প্রভাবকে কেন্দ্র করে নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের যুক্তি ও বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের সম্ভাব্য সমাধানের পথ খুঁজে বের করাই এ আয়োজনের লক্ষ্য।





































