পবিত্র আশুরা নিয়ে অপসংস্কৃতি রোধে করণীয় নির্ধারণে সেমিনার
“অপসংস্কৃতির কবলে পবিত্র আশুরা ও আমাদের করণীয়” শীর্ষক সেমিনার করেছে উলামা পরিষদ নারায়ণগঞ্জ মহানগর। বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উলামা পরিষদ মহানগরীর সভাপতি মুফতি মামুন ফেরদাউসের সভাপতিত্বে বক্তারা বলেন, “পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য শিক্ষা, ত্যাগ ও আত্মশুদ্ধির এক অনন্য দৃষ্টান্ত। কিন্তু নানা অপসংস্কৃতি ও অনৈসলামিক কর্মকাণ্ডের কারণে এর প্রকৃত বার্তা অনেক সময় বিকৃতভাবে উপস্থাপিত হচ্ছে। এ বিষয়ে সমাজকে সচেতন করা এবং ইসলামের সঠিক শিক্ষার প্রচার করা সময়ের দাবি।”
সংগঠনটির সেক্রেটারি মুফতি মাহমুদুল হাসান কাসেমীর সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন, উলামা পরিষদের সভাপতি আল্লামা আব্দুল আউয়াল, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমীর মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা ড. এএফএম খালেদ হোসাইন, দেওভোগ মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু তাহের জিহাদী, লেখক ও গবেষক মাওলানা মুসা আল-হাফিজ, উলামা পরিষদের জেলা সেক্রেটারি মুফতী জাকির হুসাইন কাসেমী, অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আমীর আতিকুর রহমান নান্নু মুন্সি, খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, ইসলামী আন্দোলন জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম এবং খেলাফত মজলিস মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, নাসিক ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, খেলাফত মজলিসের সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ প্রমুখ।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন দেওভোগ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল গাফফার শাহপুরী। এছাড়া ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী মুশফিক বিন জামিল।





































