২৭ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১২:৪৫, ২৭ অক্টোবর ২০২৬

আপডেট: ১২:৪৭, ২৭ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে আগুনে পুড়ল সাত ঘর, বাছুর বাঁচাতে গিয়ে দগ্ধ বাড়ির মালিক

সিদ্ধিরগঞ্জে আগুনে পুড়ল সাত ঘর, বাছুর বাঁচাতে গিয়ে দগ্ধ বাড়ির মালিক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি টিনশেড বাড়িতে আগুন লেগে সাতটি ভাড়া ঘরের চাল ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় গোয়াল থেকে একটি বাছুর উদ্ধার করতে গিয়ে দগ্ধ হয়েছেন বাড়ির মালিক শহীদুল্লাহ। আগুনে পুড়ে মারা গেছে দুটি গাভি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় আমজাদ মার্কেটসংলগ্ন সাততলা মোড়ে এ ঘটনা ঘটে।

দগ্ধ শহীদুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি বাসায় রয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, ওই বাড়ির ভাড়াটিয়া মনির হোসেনের সঙ্গে সোমবার দিনের বেলা তাঁর স্ত্রী সাহিদার ঝগড়া হয়। পরে সাহিদা বাড়ি ছেড়ে চলে যান। অভিযোগ রয়েছে, এ ঘটনার জেরে রাতে মনির ঘরের বিছানার ওপর গ্যাসের সিলিন্ডার তুলে আগুন ধরিয়ে দেন। এরপর বাইরে থেকে ঘরে দুটি তালা লাগিয়ে তিনি চলে যান। পরে আগুন আশপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন বলেন, ভোর ৩টা ৩৫ মিনিটে আগুনের খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল ৪টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৫টা ২০ মিনিটে সম্পূর্ণ নেভানো হয়।

আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে থাকতে পারে।

সর্বশেষ

জনপ্রিয়