২২ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৩৯, ২২ অক্টোবর ২০২৬

আপডেট: ১৭:৪০, ২২ অক্টোবর ২০২৬

বন্দরে তুলার গোডাউনে আগুনে আড়াই কোটি টাকার ক্ষতি, উদ্ধার ৫ কোটির মালামাল

বন্দরে তুলার গোডাউনে আগুনে আড়াই কোটি টাকার ক্ষতি, উদ্ধার ৫ কোটির মালামাল

নারায়ণগঞ্জের বন্দরে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডে আনুমানিক আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ সময় আগুনের কবল থেকে প্রায় পাঁচ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার উত্তর লক্ষণখোলা এলাকার একটি টিনশেড তুলার গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে।

কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, সকাল ৮টা ৭ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। পরে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তিনটি ইউনিটের চেষ্টায় সকাল ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে গোডাউনের টিনশেড, তুলার বেল্ট, বেল্ট প্রেসের যন্ত্রপাতি, বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি ৫০ লাখ টাকা। পাশাপাশি প্রায় পাঁচ কোটি টাকার সম্পদ আগুনের কবল থেকে উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে বলে জানান জাহাঙ্গীর আলম।

সর্বশেষ

জনপ্রিয়