২২ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৪:৩৩, ২২ অক্টোবর ২০২৬

নরসিংদীতে বয়লার বিস্ফোরণে দগ্ধ আড়াইহাজারের কৃষকদল নেতার মৃত্যু

নরসিংদীতে বয়লার বিস্ফোরণে দগ্ধ আড়াইহাজারের কৃষকদল নেতার মৃত্যু

নরসিংদীর মাধবদীতে একটি ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব জামাল হোসেন (৪২)।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাঁর মৃত্যু হয়।

জামাল হোসেন আড়াইহাজার উপজেলার বাড়ৈপাড়া গ্রামের মৃত সুক্কুর আলীর ছেলে। তিনি মাধবদী থানার কালিয়াবাড়ী এলাকার ‘রনি ডাইং’ কারখানায় কর্মরত ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কারখানাটিতে বয়লার বিস্ফোরণ ঘটে। এতে জামাল গুরুতর দগ্ধ হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইউনিটের চিকিৎসক হারুন অর রশিদ বিপুল। তিনি জানান, জামাল শরীরের ৬০ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

জামালের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা। কারখানা কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখারও দাবি জানান তাঁরা।

সর্বশেষ

জনপ্রিয়