২২ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:১১, ২২ অক্টোবর ২০২৬

বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ২, দেশীয় অস্ত্র উদ্ধার

বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ২, দেশীয় অস্ত্র উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে রামদা ও দুটি সুইচ গিয়ার ছুরি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার মনারবাড়ী এলাকায় নবীগঞ্জ–মদনপুর সড়কের পাশে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সাইফুল (৩৫) ও মো. জনি ওরফে রনি (৩৭)।

বন্দর থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, লক্ষণখোলা বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, মনারবাড়ী এলাকায় ১৫ থেকে ১৬ জন দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাঁরা পালানোর চেষ্টা করেন। এ সময় সাইফুল ও জনিকে গ্রেপ্তার করা হয়। অন্যরা পালিয়ে যান।

তিনি জানান, সাইফুলের কাছ থেকে একটি রামদা ও একটি সুইচ গিয়ার ছুরি এবং জনির কাছ থেকে একটি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের ফেলে যাওয়া একটি ছোরা ও একটি স্টিলের পাইপও জব্দ করা হয়।

পুলিশের ভাষ্য, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন তাঁদের সহযোগী হিসেবে মামুন (৪০) ও সুমন (৩৮) নামে আরও দুজনের নাম জানিয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) বন্দর থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, সাইফুলের বিরুদ্ধে বন্দর ও মুন্সিগঞ্জের গজারিয়া থানায় পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে চুরি ও চোরাই মাল রাখা, ডাকাতির প্রস্তুতি, মুছাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মনোয়ারকে কুপিয়ে জখম এবং অটোরিকশাচালক মাসুমকে হত্যা ও লাশ গুমের অভিযোগে করা মামলা রয়েছে।

ওসি আরও জানান, বন্দরের ঢাকেশ্বরী এলাকার একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় ভিডিও ফুটেজে জনিকে শনাক্ত করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন ডাকাতির ঘটনায় অভিযুক্ত মামুনের ঘনিষ্ঠ সহযোগী।

গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি। তিনি বলেন, মামলার তদন্ত এবং পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সর্বশেষ

জনপ্রিয়