বন্দরে বিল থেকে লাশ উদ্ধার, বুকে ধারালো অস্ত্রের আঘাত
নারায়ণগঞ্জের বন্দরে একটি বিল থেকে রাসেল (৩৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বুকের বাঁ পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ঘারমোড়া এলাকায় হাজী আসমত উল্ল্যাহ উচ্চবিদ্যালয়ের পেছনের বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাসেল দক্ষিণ ঘারমোড়া এলাকার মৃত শেখ আহামদ মিয়ার ছেলে। তিনি দুই সন্তানের জনক।
খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, রাসেলের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সম্প্রতি তিনি দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান।
ওসি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।





































