আইবিডাব্লিউএফের সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি শরিফুল, সম্পাদক মোনাফ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যান অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ (আইবিডাব্লিউএফ)-এর নতুন থানা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বস্ত্র ব্যবসায়ী শরিফুল ইসলামকে সভাপতি এবং আবদুল মোনাফকে সেক্রেটারি মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সংগঠনটির বিশেষ কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটি ঘোষণা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অঞ্চল পরিচালক মুহাম্মদ জামাল হোসাইন।
সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং জিএম হাবিবুল্লাহর পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের অঞ্চল সহ-সভাপতি মাহবুব আলম, ট্রেড কমিটির সদস্য এবং থানা ম্যানেজমেন্ট কমিটির দায়িত্বশীল নেতারা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ জামাল হোসাইন বলেন, ইসলাম সততার সঙ্গে ব্যবসাকে সবসময় উৎসাহিত করেছে। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করেছেন। তাই ব্যবসায়ীদের সামাজিক দায়িত্ববোধ থেকে সৎ ও কল্যাণমুখী ব্যবসায় মনোযোগী হতে হবে।
তিনি বলেন, ব্যবসার পাশাপাশি সমাজের কল্যাণে ব্যবসায়ীদের ভূমিকা রাখার সুযোগ রয়েছে। সততা, নৈতিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে ব্যবসা পরিচালনা করলে সমাজ ও অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
সভায় নবগঠিত কমিটির মাধ্যমে ফাউন্ডেশনের কার্যক্রম আরও গতিশীল, শক্তিশালী ও জনকল্যাণমুখী হবে বলে আশা প্রকাশ করা হয়।





































