বন্দরে তিতাসের অভিযানে প্রায় ১১০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
নারায়ণগঞ্জের বন্দরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০ আবাসিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় অবৈধ গ্যাস লাইন ও বিভিন্ন সরঞ্জাম অপসারণের পাশাপাশি চারটি স্পটে মোট ৯২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বন্দর উপজেলার হরিপুর, কুতুবপুর, হরিপুর বাজার ও দেওয়ানবাগ এলাকায় জোনাল বিক্রয় অফিস-বন্দর কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
তিতাসের অভিযানের তথ্য অনুযায়ী, পাঁচটি স্পটে অভিযান চালানো হয়। এর মধ্যে হরিপুর-কুতুবপুর এলাকায় প্রথম স্পটে আনুমানিক ২০০টি ডাবল বার্নারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় প্রায় ৭০ ফুট হোস পাইপ, ৫ ফুট এমএস পাইপ, আটটি রেগুলেটর, চারটি ডাবল চুলা ও একটি ২ ইঞ্চি ভাল্ব অপসারণ করা হয়। এ ঘটনায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই এলাকায় দ্বিতীয় স্পটে একটি ডাবল বার্নার ও ১৫টি সিঙ্গেল বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ২০ ফুট এমএস পাইপ ও একটি রেগুলেটর অপসারণ এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

২৭ নম্বর ওয়ার্ডের হরিপুর এলাকায় তৃতীয় স্পটে আনুমানিক ৩০০টি ডাবল বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় প্রায় ৫ ফুট ২ ইঞ্চি এমএস পাইপ অপসারণ করা হয়। প্রায় ৫ কিলোমিটার এলাকার এসব সংযোগের গ্যাস সরবরাহ বন্ধ করতে অবৈধ বিতরণ লাইনের উৎসে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
হরিপুর বাজারে চতুর্থ স্পটে তিনটি আবাসিক ডাবল চুলা ও একটি স্টার বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় প্রায় ৩০ ফুট এমএস পাইপ, ৫০ ফুট হোস পাইপ, তিনটি রেগুলেটর, একটি স্টার বার্নার ও দুটি ডাবল চুলা অপসারণ করা হয়। এ ঘটনায় ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া দেওয়ানবাগ এলাকায় বন্দর স্টিলের বিপরীতে পঞ্চম স্পটে আনুমানিক ৩০০টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় প্রায় ১০ ফুট ২ ইঞ্চি এমএস পাইপ অপসারণ করা হয়। প্রায় ৩ কিলোমিটার এলাকার এসব সংযোগের গ্যাস সরবরাহ বন্ধ করতে অবৈধ বিতরণ লাইনের উৎসে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।





































